• ঢাকা সোমবার
    ০৪ মে, ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

ফরিদপুরে দস্যুতা মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি হায়দার লালবাগে গ্রেপ্তার

প্রকাশিত: মে ৪, ২০২৬, ০৯:২০ পিএম

ফরিদপুরে দস্যুতা মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি হায়দার লালবাগে গ্রেপ্তার

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের ভাঙ্গা থানার একটি দস্যুতা মামলায় পাঁচ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি হায়দার মোল্লাকে (৪৩) গ্রেপ্তার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১০)।

সোমবার (৪ মে) দুপুরে রাজধানীর লালবাগ থানাধীন রহমতুল্লাহ স্কুল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব জানায়, গোপন সংবাদ ও আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় র‍্যাব-১০-এর লালবাগ ক্যাম্পের একটি চৌকস দল এই অভিযান পরিচালনা করে। গ্রেপ্তারকৃত হায়দার মোল্লা ফরিদপুর জেলার ভাঙ্গা থানার হরুপদিয়া গ্রামের মো. ছাত্তার মোল্লার ছেলে।

নথি অনুযায়ী, হায়দার মোল্লা ভাঙ্গা থানার একটি দস্যুতা মামলায় (জিআর নং- ৭৭/১৯) বিজ্ঞ আদালত কর্তৃক পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত হয়েছিলেন। জরিমানা অনাদায়ে তার আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ ছিল। সাজা ঘোষণার পর থেকেই সে পলাতক ছিল। এছাড়া তার বিরুদ্ধে ধামরাই থানায় আরও দুটি মামলা রয়েছে বলে নিশ্চিত করেছে র‍্যাব।

র‍্যাব-১০-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. আনোয়ার হোসেন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হায়দার দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করে থাকার কথা স্বীকার করেছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ