প্রকাশিত: মে ১৩, ২০২৬, ০৬:৪৬ পিএম
সেবা নিতে আসা মায়েদের সুবিধার্থে পঞ্চগড় পৌরসভার টিকাদান কেন্দ্রে স্থাপন করা হয়েছে ‘ব্রেস্ট ফিডিং কর্নার’ বা মাতৃদুগ্ধ পানকক্ষ।
বুধবার (১৩ মে) বিকেলে পঞ্চগড় পৌরসভার টিকাদান কেন্দ্রের নির্ধারিত স্থানে এ কর্নারের উদ্বোধন করেন পঞ্চগড়ের জেলা প্রশাসক (ডিসি) মোসা. শুকুরিয়া পারভীন। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ও পঞ্চগড় পৌরসভার প্রশাসক সীমা শারমিনসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা।
টিকাদান কেন্দ্রে আসা কয়েকজন মা জানান, আগে শিশুদের নিয়ে টিকা দিতে এসে দীর্ঘ সময় অপেক্ষা করতে হলেও শিশুদের দুধ পান করানোর কোনো আলাদা ব্যবস্থা ছিল না। এতে বিব্রতকর পরিস্থিতির পাশাপাশি শিশুদের কান্নাকাটিও সামলাতে হতো। টিকা নিতে আসা আমেনা বেগম বলেন, আগে বাচ্চাকে নিয়ে এখানে আসলে দুধ খাওয়ানোর কোনো ব্যবস্থা ছিল না।
এখন সুন্দর একটা ব্যবস্থা হয়েছে, এতে আমাদের অনেক সুবিধা হবে। আরেক সেবাগ্রহীতা মা কুলসুম বলেন, এখানে অনেক সময় এক থেকে দেড় ঘণ্টা পর্যন্ত লাইনে থাকতে হয়। আগে বাচ্চাদের দুধ খাওয়ানোর আলাদা জায়গা ছিল না। এখন নতুন এই ব্যবস্থা হওয়ায় স্বস্তি মিলবে। পৌরসভার এক নারী কর্মী বলেন,অনেকদিন ধরেই এমন একটি ব্যবস্থার প্রয়োজন ছিল। এখন মায়েরা নিশ্চিন্তে শিশুদের দুধ খাওয়াতে পারবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে পঞ্চগড় পৌরসভার প্রশাসক সীমা শারমিন বলেন, পৌরসভায় দায়িত্ব নেওয়ার পর দেখি মা ও শিশু টিকাদান কেন্দ্রে অনেক নারী সেবাগ্রহীতা আসেন। ছোট শিশুদের কান্নাকাটি করতে দেখে মনে হয়েছে এখানে একটি মাতৃদুগ্ধ পান কেন্দ্র থাকা প্রয়োজন। পরে চলতি অর্থবছরে টিআর প্রকল্পের মাধ্যমে এটি বাস্তবায়ন করা হয়েছে। তিনি আরও বলেন, দুই বছর বয়স পর্যন্ত শিশুদের নিয়ে আসা মায়েরা এখানে স্বাচ্ছন্দ্যে ব্রেস্টফিডিং করাতে পারবেন।