প্রকাশিত: মে ১৩, ২০২৬, ০৬:৫৫ পিএম
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় ইজিবাইকে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবদুস সালাম (৩২) নামের এক চালকের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ঝাড়বাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সালাম ঝাড়বাড়ী এলাকার দিনমজুর শমসের আলীর ছেলে। তিনি বিবাহিত এবং তাঁর দুই ছেলে ও এক মেয়ে আছে।
পরিবার ও স্থানীয় একাধিক বাসিন্দার বরাত দিয়ে দেবনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৮ নম্বর ওয়ার্ডের সদস্য আশরাফুল ইসলাম বলেন, সারাদিন ইজিবাইক চালিয়ে রাত সাড়ে ১০টার দিকে বাড়িতে ফেরেন আবদুস সালাম। ঘরে ঢোকার আগে তিনি ইজিবাইকটি চার্জে দিচ্ছিলেন। এ সময় চিৎকার শুনে তাঁর মা রনজিনা বেগম বাইরে এসে দেখেন, সালাম অচেতন হয়ে পড়ে আছেন। পরে পরিবারের সদস্যদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাঁকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে সালামকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
আশরাফুল ইসলাম বলেন, বৃদ্ধ বাবা–মায়ের সংসারে সালামই ছিলেন একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। ছোট তিন সন্তান রেখে তাঁর এমন মৃত্যুতে পরিবারটি দিশাহারা হয়ে পড়েছে।
পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের চিকিৎসক মো. মোকলেছুর রহমান জানান, আবদুস সালামকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছিল।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, নিহতের মরদেহ সুরতহাল সহ আইনী প্রক্রিয়ার জন্য তেঁতুলিয়া মডেল থানা পুলিশকে খবর দেয়া হয়। তারা পরবর্তী কার্যক্রম সম্পন্ন করেন।