• ঢাকা মঙ্গলবার
    ২২ সেপ্টেম্বর, ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশকে কুষ্ঠমুক্ত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০২৬, ১০:১৫ এএম

বাংলাদেশকে কুষ্ঠমুক্ত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

২০৩০ সালের মধ্যে বাংলাদেশকে কুষ্ঠমুক্ত করতে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন৷

তিনি বলেন, জনসংখ্যার ঘনত্বের কারণে বাংলাদেশ কুষ্ঠের মতো সংক্রামক রোগের ঝুঁকিতে থাকলেও দেশের বৃহৎ জনসংখ্যাই আমাদের শক্তি। নানা সীমাবদ্ধতা ও জনসংখ্যার চাপের মধ্যেও চিকিৎসকরা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে কাজ করছেন উল্লেখ করে তিনি তাদের অবদানের প্রশংসা করেন।

সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত কুষ্ঠমুক্ত বাংলাদেশ: প্রমাণ, চ্যালেঞ্জ ও সাফল্যের রূপরেখা—বাংলাদেশে কুষ্ঠরোগ পরিস্থিতি নিয়ে যৌথ পর্যবেক্ষণ মিশনের উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, কুষ্ঠ নির্মূলে সাসাকাওয়া হেলথ ফাউন্ডেশন যে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, তা অত্যন্ত প্রশংসনীয়। কুষ্ঠ নির্মূলে এনজিও অংশীদাররাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে উল্লেখ করে তিনি তাদের কাজের প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও সহযোগিতা কামনা করেন।

সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, প্রধানমন্ত্রীর দৃঢ় অঙ্গীকার অনুযায়ী ২০৩০ সালের মধ্যে বাংলাদেশকে কুষ্ঠমুক্ত করার লক্ষে সরকার প্রয়োজনীয় উদ্যোগ অব্যাহত রাখবে।

অনুষ্ঠানে ডা. শাহ আলী আকবর আশরাফী, ডা. রাজেশ নারওয়াল, অধ্যাপক ডা. ফোয়ারা তাসমীম, প্রফেসর ডা. তাকাহিরো নানরী, শেখ মোমেনা মনি, ডা. আহমেদ জামশেদ মোহাম্মদ, ডা. মোহাম্মদ শাহরিয়ার সাজ্জাদ এবং ডা. মাহবুব আরেফিন রেজানুর উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিভিন্ন বিষয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করেন ডা. আফসানা আলমগীর খান, ডা. আয়া ইয়াজিমা ও ডা. ভিভেক লাল।

আর্কাইভ