প্রকাশিত: জুলাই ২৫, ২০২৬, ০৮:৩০ পিএম
পেশাগত ও সামাজিক সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশ্যে জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল 24-এর সিনিয়র ক্রাইম রিপোর্টার হিরন খানের বিরুদ্ধে ধারাবাহিকভাবে অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে একটি মহলের বিরুদ্ধে। এ ঘটনায় শুক্রবার (২৪ জুলাই) রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।
জিডিতে হিরন খান উল্লেখ করেন, একটি কাল্পনিক ও সম্পূর্ণ ভিত্তিহীন ঘটনাকে কেন্দ্র করে সম্প্রতি একটি লিখিত অভিযোগে তাকে অন্যায়ভাবে জড়ানো হয়েছে। অভিযোগে দাবি করা হয়েছে, রামপুরা থানার বনশ্রী এলাকার এক অজ্ঞাত দাড়িওয়ালা ব্যক্তি তার সঙ্গে কথা বলে তার উসকানিতে এলাকায় উত্তেজনা সৃষ্টি ও কয়েকজনকে মারধর করেছে।
হিরন খানের দাবি, অভিযোগে উল্লেখিত ওই ব্যক্তির সঙ্গে তার কোনো পরিচয় বা যোগাযোগ ছিল না। এছাড়া অভিযোগের পক্ষে কোনো বস্তুনিষ্ঠ প্রমাণ, সাক্ষ্য, মোবাইল নম্বর বা গ্রহণযোগ্য তথ্যও উপস্থাপন করা হয়নি। যথাযথ যাচাই-বাছাই ছাড়াই একজন দায়িত্বশীল সাংবাদিকের বিরুদ্ধে মনগড়া, কাল্পনিক ও মানহানিকর অভিযোগ আনা হয়েছে বলে তিনি জিডিতে উল্লেখ করেন।
নিজের নিরাপত্তাহীনতার বিষয়টিও জিডিতে তুলে ধরেন হিরন খান। তিনি জানান, তার অনুমতি ছাড়াই একটি স্থিরচিত্র (স্টিল ছবি) ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে তার বিরুদ্ধে মিথ্যা, বিভ্রান্তিকর ও মানহানিকর প্রচারণা চালানো হচ্ছে। এর ফলে তিনি পেশাগতভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সামাজিকভাবেও নিরাপত্তাহীনতায় ভুগছেন।
চ্যানেল 24-কে দেওয়া বক্তব্যে হিরন খান বলেন, অভিযোগে উল্লেখিত ঘটনার সময় তিনি বান্দরবানের থানচি এলাকায় সীমান্তবর্তী একটি সশস্ত্র গোষ্ঠী নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন তৈরির কাজে ছিলেন। তিনি জানান, ঘটনার অন্তত সাত দিন পর ঢাকায় ফিরে নিজের বিরুদ্ধে মামলার বিষয়টি জানতে পারেন। পরে সময় মিলিয়ে তিনি দেখেন, ওই সময় তার মোবাইল ফোন নেটওয়ার্কের বাইরে ছিল। তার দাবি, কোনো ধরনের যাচাই-বাছাই ছাড়াই তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।
ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত সত্য উদঘাটন এবং তার বিরুদ্ধে অপপ্রচারকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সাংবাদিক হিরন খান।