প্রকাশিত: জুন ৬, ২০২৬, ১২:২৩ পিএম
কুড়িগ্রামের রাজারহাটে মাছবাহী একটি পিকআপের ধাক্কায় মোটরসাইকেলে থাকা বাবা ও ছেলে নিহত হয়েছেন। শনিবার (৬ জুন) সকাল সাড়ে ৭টার দিকে রাজারহাট-তিস্তা মহাসড়কের কসাইটারী শিমুলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—দুলু মিয়া (২৮) ও তার বাবা সিদ্দিক শেখ। তারা কুড়িগ্রাম-লালমনিরহাট সীমান্তবর্তী বোগমারী পঞ্চগ্রাম এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে বাবা-ছেলে রেললাইন পার হচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা রাজারহাটগামী একটি মাছবাহী পিকআপ মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।
এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল ও রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক দুলু মিয়াকে মৃত ঘোষণা করেন।
অপরদিকে গুরুতর আহত সিদ্দিক শেখকে প্রথমে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
পরে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ জানান, ‘একজন কুড়িগ্রামে, অপরজন রংপুরে নেওয়ার পথে মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।