প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২৬, ১০:২৮ এএম
গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল নামের ওষুধ কারখানায় লাগা আগুন চার ঘণ্টায় নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ২১টি ইউনিট। বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১টা ৫৫ মিনিটে এই আগুন নিয়ন্ত্রণে আসার পর রাত সাড়ে ১০টা পর্যন্ত চলে ডাম্পিংয়ের কাজ। ফায়ার সার্ভিসের সাথে আগুন নিয়ন্ত্রণে কাজ করে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, এসআরবি।
ফায়ার সার্ভিস জানিয়েছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট বা যান্ত্রিক ত্রুটির কারণে এ আগুনের সূত্রপাত হতে পারে। এ ঘটনায় ফায়ার সার্ভিসের তিনজন আহত হলেও কারখানার কেউ হতাহত হয়নি। আগুনে পুড়ে গেছে কেমিক্যাল, উৎপাদন যন্ত্রপাতিসহ বিভিন্ন মালামাল।
আগুন লাগার ঘটনায় কারখানা ভবনের চতুর্থ তলা ও দ্বিতীয় তলাসহ দুটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। বুধবার রাতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারখানায় উৎপাদন কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে কারখানায় নিরাপত্তাকর্মী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা মুল ফটক দিয়ে প্রবেশ করলেও শ্রমিকদের প্রবেশ করতে দেওয়া হয়নি। তবে কারখানা ফটকে জড়ো হওয়া গণমাধ্যমকর্মীদের কোনো তথ্য না দিয়ে বিভিন্নভাবে অসহযোগিতা করে কর্তৃপক্ষ।
টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শাহীন আলম বলেন, ডাম্পিং শেষ করে রাত সাড়ে ১০টার পর ফায়ার সার্ভিসের কর্মীরা কারখানাস্থল ত্যাগ করে। বৈদ্যুতিক শর্ট সার্কিট বা যান্ত্রিক ত্রুটির কারণে এ আগুনের সূত্রপাত হতে পারে। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর বলা যাবে।