• ঢাকা সোমবার
    ২০ এপ্রিল, ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩
২ শিবিরের নেতাকে গুলি

৮ আসামির বিচার শুরু হবে কিনা আদেশ আজ

প্রকাশিত: এপ্রিল ২০, ২০২৬, ০৯:০৭ এএম

৮ আসামির বিচার শুরু হবে কিনা আদেশ আজ

সিটি নিউজ ডেস্ক

যশোরের চৌগাছায় পুলিশ হেফাজতে নিয়ে দুই ছাত্রশিবির নেতাকে গুলি করে পা বিচ্ছিন্ন করার ঘটনায় দায়েরকৃত মানবতাবিরোধী অপরাধের মামলার বিচার শুরু হবে কি না, তা আজ জানা যাবে। সোমবার (২০ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেল এ বিষয়ে আদেশ দেবেন। প্যানেলের অন্য সদস্যরা হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

ঘটনার বিবরণ থেকে জানা যায়, ২০১৬ সালের ৩ আগস্ট চৌগাছা উপজেলা ছাত্রশিবিরের সেক্রেটারি ইসরাফিল হোসেন ও সাহিত্য সম্পাদক রুহুল আমিনকে আটক করে পুলিশ। অভিযোগ রয়েছে, আটকের পর তাদের আদালতে না তুলে টানা দুই রাত অমানবিক নির্যাতন চালানো হয়। পরবর্তীকালে তৎকালীন এসপি আনিসুর রহমানের পরিকল্পনায় ‘বন্দুকযুদ্ধের’ নাটক সাজিয়ে তাদের দুই পায়ে গুলি করা হয়। এমনকি ক্ষতস্থানে বালু ঢুকিয়ে নিষ্ঠুরতা চালানো হয়েছিল বলে প্রসিকিউশন সূত্রে জানা গেছে।

এই নৃশংসতার ফলে ভুক্তভোগীদের পায়ে পচন ধরে এবং পরবর্তীকালে তাদের পা কেটে ফেলতে হয়, যার ফলে তারা চিরতরে পঙ্গু হয়ে যান। ঘটনার পর পুলিশ তাদের বিরুদ্ধে একটি অস্ত্র মামলা দিলেও পরবর্তী সময়ে আদালতে সেটি মিথ্যা প্রমাণিত হয়। এই নিষ্ঠুর নির্যাতনের বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলাটি করা হয়।

বর্তমানে এই মামলায় অভিযুক্ত আটজনের মধ্যে তৎকালীন এসআই আকিকুল ইসলাম এবং কনস্টেবল সাজ্জাদুর রহমান ও জহরুল হক কারাগারে রয়েছেন। তবে সাবেক এসপি আনিসুর রহমানসহ তৎকালীন ওসি মশিউর রহমান এবং তিন এসআই মোখলেছ, জামাল ও মাজেদুল বর্তমানে পলাতক রয়েছেন।

এর আগে, গত ১২ এপ্রিল প্রসিকিউশন পক্ষ আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আবেদন জানায়। এরপর ১৬ এপ্রিল আসামিপক্ষের আইনজীবীরা শুনানি শেষ করে তাদের মক্কেলদের অব্যাহতি প্রার্থনা করেন। উভয় পক্ষের যুক্তি শোনার পর ট্রাইব্যুনাল আজকের দিনটি আদেশের জন্য ধার্য করেন। আজকের আদেশের মাধ্যমেই নিশ্চিত হওয়া যাবে এই বর্বরোচিত ঘটনার বিচারিক কার্যক্রম কোন দিকে যাচ্ছে।

আর্কাইভ