প্রকাশিত: জুলাই ১৭, ২০২৬, ০৬:৪৩ পিএম
বন্যা-পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে, এমনকি অব্যাহত আছে। যতক্ষণ পুনর্বাসন কার্যক্রম শেষ না হবে, ততক্ষণ সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
শুক্রবার (১৭ জুলাই) সকালে চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা এলাকায় বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণকালে তিনি এসব কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, ইতোমধ্যে ৪০ হাজার পরিবারকে চাল বিতরণ করা হয়েছে। এছাড়া ৭৫ হাজার পরিবারকে চাল, ডালসহ শুকনো খাদ্যসামগ্রী দেওয়া হয়েছে। প্রায় ৪০ হাজার মানুষের কাছে রান্না করা খাবার পৌঁছে দেওয়া হয়েছে। এই ত্রাণ কার্যক্রম অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, পরবর্তী ধাপে পুনর্বাসন কার্যক্রম শুরু হবে। ক্ষতিগ্রস্তদের প্রয়োজন অনুযায়ী বীজ, সারসহ কৃষি উপকরণ দেওয়া হবে।
স্বাস্থ্যসেবার বিষয়ে অর্থমন্ত্রী বলেন, বন্যার পর সাধারণত বিভিন্ন রোগের প্রাদুর্ভাব দেখা দেয়। সেই পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় ওষুধসহ সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। কোনো সংক্রামক রোগ বা অন্য কোনো স্বাস্থ্যঝুঁকি দেখা দিলে তা মোকাবিলায় সরকার সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।