• ঢাকা বুধবার
    ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

গাজীপুরে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০২৬, ০৫:৪৪ পিএম

গাজীপুরে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে ব্যাটারিচালিত অটোরিকশা ও মাছের ড্রামবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। আহতদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে জয়দেবপুর-টঙ্গী-বনমালা সড়কের ধীরাশ্রম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, গাজীপুর মহানগরের হায়দ্রাবাদ এলাকার আবুল কাশেমের ছেলে মহিউদ্দিন (৪২), একই এলাকার আব্দুল মালেকের ছেলে জামাল হোসেন (৪৪) এবং অপরজনের পরিচয় জানা যায়নি।

গাজীপুর সদর মেট্রো থানার ওসি মো. আমিনুল ইসলাম জানান, ধীরাশ্রম এলাকায় রং সাইড দিয়ে আসা একটি যাত্রীবাহী ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে মাছের ড্রামবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে অটোরিকশায় থাকা তিন যাত্রী ঘটনাস্থলেই মারা যান। আহত হন আরও তিনজন।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করেন। পরে তাদের গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে নিবিড় চিকিৎসা দেওয়া হচ্ছে। 

পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত যান দুটি জব্দ করেছে। একই সঙ্গে ট্রাক ও এর চালককে আটক করা হয়েছে। দুর্ঘটনার কারণ এবং চালকের দায়িত্বে কোনো গাফিলতি ছিল কিনা- তা খতিয়ে দেখছে পুলিশ।

দুর্ঘটনার পর জয়দেবপুর-টঙ্গী-বনমালা সড়কে কিছু সময় যান চলাচলে ধীরগতি সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনাকবলিত যান সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার উদ্যোগ নেয়।

আর্কাইভ