প্রকাশিত: অক্টোবর ২, ২০২৬, ১০:৫১ এএম
অবৈধভাবে মালয়েশিয়ায় পাচারের সময় ইঞ্জিন ও পাম্প বিকল হয়ে ডুবে যাওয়ার ঝুঁকিতে থাকা একটি ট্রলারসহ ৭৬ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। সেন্টমার্টিনের অদূরে সমুদ্রপথে এই দুর্ঘটনার কবলে পরে ট্রলারটি। এ ঘটনায় মানবপাচারকারী চক্রের ১১ সদস্যকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে নৌবাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
নৌবাহিনী জানায়, সেন্টমার্টিন লাইট হাউজ থেকে আনুমানিক ৮১ মাইল দূরে মাছ ধরার কাজে নিয়োজিত এফভি ক্রিস্টাল-১ নামের একটি ট্রলার সমুদ্রে ইঞ্জিন বিকল অবস্থায় আরেকটি ট্রলারকে ভাসমান অবস্থায় দেখতে পায়। পরে সহায়তার জন্য ট্রলারটির কাছে গেলে সেখানে থাকা কয়েকজনের আচরণ সন্দেহজনক মনে হয়। বিষয়টি নৌবাহিনীকে জানায় এফভি ক্রিস্টাল-১-এর লোকজন।
পরে নৌবাহিনী অভিযান চালিয়ে ভাসমান ট্রলারটি উদ্ধার করে। এ সময় ট্রলারে থাকা ৭৬ জনকে নিরাপদে উদ্ধার করা হয়। ইঞ্জিন ও পাম্প বিকল হয়ে ট্রলারে পানি প্রবেশ করায় সেখানে থাকা যাত্রীদের জীবন চরম ঝুঁকির মুখে পড়েছিল।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্ধার হওয়া ৭৬ জনের মধ্যে ১১ জনকে মানবপাচারকারী চক্রের সদস্য হিসেবে শনাক্ত করে আটক করা হয়। অপর ৬৫ জন মালয়েশিয়ায় যাওয়ার প্রলোভনে প্রতারণার শিকার হয়েছেন বলে জানায় নৌবাহিনী।
নৌবাহিনীর তথ্য অনুযায়ী, উদ্ধার হওয়া অধিকাংশ ব্যক্তিকে মানবপাচারকারী চক্রের সদস্যরা অপহরণ করে টেকনাফের দুর্গম এলাকায় আটকে রেখেছিল। পরে তাঁদের মালয়েশিয়ায় পাঠানোর উদ্দেশ্যে সমুদ্রপথে নেওয়া হচ্ছিল।
নৌবাহিনীর দ্রুত অভিযানের ফলে মানবপাচারকারী চক্রের সদস্যদের আটক করার পাশাপাশি সম্ভাব্য বড় ধরনের দুর্ঘটনা ও প্রাণহানি ঠেকানো সম্ভব হয়েছে। ইঞ্জিন ও পাম্প বিকল হয়ে ট্রলারে পানি ঢুকে পড়ায় যাত্রীদের জীবন গুরুতর ঝুঁকিতে ছিল। সময়মতো উদ্ধার অভিযানের মাধ্যমে ৭৬ জনের প্রাণ রক্ষা করা সম্ভব হয়।