• ঢাকা সোমবার
    ০২ নভেম্বর, ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

গাজীপুরে পুলিশের ৩ গাড়ি ভাঙচুর অগ্নিসংযোগ, সাংবাদিক ও বিজিবি সদস্য আহত

প্রকাশিত: নভেম্বর ২, ২০২৬, ০২:৫১ পিএম

গাজীপুরে পুলিশের ৩ গাড়ি ভাঙচুর অগ্নিসংযোগ, সাংবাদিক ও বিজিবি সদস্য আহত

গাজীপুর প্রতিনিধি

শ্রমিক আন্দোলনে আজও উত্তপ্ত গাজীপুরের দুই মহাসড়ক। ইতোমধ্যে ছুটি দেওয়া হয়েছে দেড় শতাধিক কারখানা। এসব কারখানার শ্রমিকরা মহাসড়কে বিভিন্ন স্থানে বিক্ষোভ করছেন। 

শ্রমিকদের ছত্রভঙ্গ করতে গিয়ে পুলিশ ও বিজিবির সঙ্গে তাদের একাধিকবার সংঘর্ষ ও ধাওয়া পালটা ধাওয়ার দেওয়া ঘটনা ঘটেছে। বিক্ষুব্ধ শ্রমিকরা পুলিশের তিনটি গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। আহত হয়েছে সাংবাদিকসহ বিজিবি সদস্য। 

সোমবার সকাল থেকে গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর পল্লী বিদ্যুৎ ও চন্দ্র এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। বেলা ১১ টার দিকে শ্রমিকদের ছাত্র ভঙ্গ করতে বিজিবি ও পুলিশ ধাওয়া দেয়। 

এ সময় আন্দোলনকারীদের ইটের আঘাতে বিজিবি সদস্য আহত হয়। অপরদিকে দুপুর ১২টার দিকে গাজীপুর মহানগরীর নাওজোর এলাকায় পুলিশের একাধিক গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন আন্দোলনকারীরা। 

ওই সময় সময় টিভির রিপোর্টার ও ক্যামেরাপারসনের ওপর হামলা করে ক্যামেরা ভাঙচুর করা হয়। এসএ টিভির ক্যামেরা পারসন পায়ে আঘাত পান। 

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসেন বলেন, আজও শ্রমিকরা বিক্ষোভ করছেন৷ শ্রমিক আন্দোলনের কারণে দেড় শতাধিক কারখানা ছুটি দেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে বিজিবি, জেলা ও মহানগর পুলিশের সঙ্গে শিল্প পুলিশ কাজ করছেন।

আর্কাইভ