• ঢাকা রবিবার
    ০১ মার্চ, ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২

ইরানের অন্তর্বর্তী নেতৃত্বে যুক্ত হলেন আয়াতুল্লাহ আলীরেজা আরাফি

প্রকাশিত: মার্চ ১, ২০২৬, ০৬:২২ পিএম

ইরানের অন্তর্বর্তী নেতৃত্বে যুক্ত হলেন আয়াতুল্লাহ আলীরেজা আরাফি

আন্তর্জাতিক ডেস্ক

ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর দেশটিতে নেতৃত্বশূন্যতা তৈরি হয়েছে। যুদ্ধপরিস্থিতি সামাল দিয়ে দ্রুত অন্তর্বর্তীকালীন নেতৃত্ব কাউন্সিল গঠন করেছে দেশটি। এতে নতুন করে স্থান পেলেন দেশটির গার্ডিয়ান কাউন্সিলের সদস্য ও আলেম আয়াতুল্লাহ আলীরেজা আরাফি।

তাকে দেশটির নেতৃত্ব পরিষদের আইনবিদ হিসেবে নিযুক্ত করা হয়েছে। নতুন নেতা নির্বাচন না করা পর্যন্ত আরাফি, ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি গোলাম-হোসেইন মোহসেনি-এজেই দেশটির সর্বোচ্চ নেতার ভূমিকা পালন করবেন।

ইরানের নেতৃত্ব পরিষদ মূলত অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে দায়িত্ব পালন করবে। আইনত অন্য একজন সর্বোচ্চ নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত দেশ পরিচালনা করার দায়িত্ব পালন করবে এ পরিষদ।

ইরানের গণমাধ্যমগুলো জানায়, নেতৃত্ব পরিষদে সদ্য নিয়োগপ্রাপ্ত আলীরেজা আরাফি (৬৭) একজন ধর্মীয় নেতা। এর আগে তিনি গার্ডিয়ান কাউন্সিলের সদস্য ছিলেন। তিনি ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ‌এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি গোলাম-হোসেইন মোহসেনি-এজেইয়ের সঙ্গে দেশটির অন্তর্বর্তীকালীন সরকার পরিচালনা করবেন।

আইআরজিসি এবং নিরাপত্তা প্রধান আলী লারিজানিও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে আশা করা হচ্ছে। তবে ক্ষমতার ভারসাম্য কীভাবে নিয়ন্ত্রিত হবে, তা এখনও জানা যায়নি।

ইরান তাদের অন্তর্বর্তীকালীন সরকার পরিচালনার জন্য যেমন নতুন নেতৃত্ব খুঁজছে। ঠিক তেমনিভাবে ইসরাইল ও মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট অঞ্চলে হামলা চালাচ্ছে।

ইসরাইল লক্ষ্য করে একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে এবং তেল আবিবে একটি অ্যাপার্টমেন্ট ভবন ধ্বংস হয়েছে। ইসরাইলে কমপক্ষে একজন নারী নিহত এবং ১২০ জন আহত হয়েছেন।

ইরানের এলিট রেভল্যুশনারি গার্ড বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের সদর দফতর লক্ষ্য করে হামলা চালিয়েছে, পাশাপাশি উপসাগরীয় অঞ্চলের আরও কয়েকটি মার্কিন ঘাঁটিও টার্গেট হয়েছে।

দুবাই, দোহা এবং কুয়েতেও হামলার খবর পাওয়া গেছে। দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ইরানি আক্রমণের ঘটনার পর চারজন আহত হয়েছেন। এ ছাড়া বাহরাইন আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনা ঘটেছে।

সূত্র: টাইমস অব ইসরাইল।

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ