• ঢাকা রবিবার
    ০৫ এপ্রিল, ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

৫ লাখ টন ডিজেল, ২ কার্গো এলএনজি আমদানির অনুমোদন

প্রকাশিত: এপ্রিল ৪, ২০২৬, ১০:০৮ পিএম

৫ লাখ টন ডিজেল, ২ কার্গো এলএনজি আমদানির অনুমোদন

আন্তর্জাতিক ডেস্ক

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের প্রভাবে দেশে জরুরি জ্বালানি চাহিদা পূরণের জন্য সরাসরি ক্রয় পদ্ধতিতে কাজাখস্তান থেকে ৫ লাখ টন পরিশোধিত ডিজেল এবং সিঙ্গাপুর থেকে ২ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি করতে যাচ্ছে সরকার।

শনিবার (৪ এপ্রিল) বিকেলে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে ভার্চুয়ালি সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এই প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

এই সভায় ১৬ লাখ টন ডিজেল এবং ১ লাখ টন পেট্রোল আমদানির তিনটি প্রস্তাব উত্থাপন করা হয়। এর মধ্যে কাজাখস্তানের প্রতিষ্ঠান কাজাখ গ্যাস প্রসেসিং প্ল্যান্ট এলএলপি-এর কাছ থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে ৫ লাখ টন হাই স্পিড ডিজেল (এইচএসডি) বা অটোমোটিভ গ্যাস অয়েল (এজিও) আমদানির প্রস্তাব অনুমোদন করেছে কমিটি।

এছাড়া, সিঙ্গাপুরভিত্তিক আরামকো ট্রেডিং সিঙ্গাপুর পিটিই লিমিটেড থেকে ২ কার্গো এলএনজি আমদানির প্রস্তাব অনুমোদন করা হয়।

এদিকে, সংযুক্ত আরব আমিরাতভিত্তিক ডিবিএস ট্রেডিং হাউজ এফজেডসিও-এর কাছ থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে ১০ লাখ টন ইএন ৫৯০-১০ পিপিএম মানের ডিজেল এবং ১ লাখ টন গ্যাসোলিন ৯৫ আনলেডেড (পেট্রল) আমদানি করার প্রস্তাব অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি অনুমোদন দিলেও ক্রয় কমিটি থেকে প্রস্তাব প্রত্যাহার করে নিয়েছে জ্বালানি বিভাগ।

ওমানভিত্তিক ম্যাক্সওয়েল ইন্টারন্যাশনাল এসপিসি-র কাছ থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে ১ লাখ টন ৫০ পিপিএম সালফার মানের ডিজেল আমদানির প্রস্তাব অনুমোদনের প্রস্তাবও অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি অনুমোদন দেয়; তবে জ্বালানি বিভাগ এই প্রস্তাবও ক্রয় কমিটি থেকে প্রত্যাহার করে নিয়েছে।

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ