প্রকাশিত: এপ্রিল ২০, ২০২৬, ১১:৩৫ এএম
ইরানের সঙ্গে নতুন দফার আলোচনার জন্য মার্কিন প্রতিনিধিদল পাকিস্তানে যাচ্ছে। দলটির নেতৃত্ব দিচ্ছেন মার্কিন ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। খবর বিবিসির।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, তার ‘প্রতিনিধিরা’ সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যায় ইসলামাবাদ পৌঁছাবে।
এর কিছুক্ষণ পরই হোয়াইট হাউস জানায়, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এই প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।
হোয়াইট হাউসের এক কর্মকর্তা বিবিসিকে নিশ্চিত করেছেন, এই দলে ট্রাম্পের উপদেষ্টা স্টিভ উইটকফ এবং জামাতা জ্যারেড কুশনার থাকবেন। তারা আগের দফার আলোচনাতেও অংশ নিয়েছিলেন।
যদিও রোববার (১৯ এপ্রিল) মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির প্রতিনিধিদলের সঙ্গে ভ্যান্স পাকিস্তানে যাবেন না বলে জানান ট্রাম্প।
ভ্যান্স কেন যাচ্ছেন না— এমন এক প্রশ্নের জবাবে এবিসি নিউজকে ট্রাম্প বলেন, ‘এটি শুধু নিরাপত্তার কারণে। জেডি (ভ্যান্স) চমৎকার মানুষ।’
এদিকে, এই আলোচনায় অংশ নেবে কি না-তা এখনো নিশ্চিত করেনি তেহরান। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, যুক্তরাষ্ট্রের অবরোধ বহাল থাকলে তারা এই আলোচনায় যোগ দেবে না।
এর আগে অনুষ্ঠিত সর্বশেষ আলোচনা প্রায় ২১ ঘণ্টা স্থায়ী হলেও কোনো সমঝোতায় পৌঁছানো যায়নি। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে ইরানের পারমাণবিক কর্মসূচিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে এখনো বড় ধরনের মতপার্থক্য রয়ে গেছে।