প্রকাশিত: মে ২, ২০২৬, ১১:০১ এএম
সাম্প্রতিক সীমান্ত সংঘর্ষে আফগান সীমান্তরক্ষী বাহিনীর হামলায় অন্তত ৯ জন নিহত এবং ১৫ জন আহত হয়েছে বলে অভিযোগ করেছে পাকিস্তান। শুক্রবার (১ মে) রাতে দেশটির তথ্যমন্ত্রী এ তথ্য জানান। খবর আনাদোলুর।
পাকিস্তানি তথ্যমন্ত্রী আত্তাউল্লাহ তারার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বলেন, নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।
তিনি জানান, বৃহস্পতিবার উত্তর-পশ্চিমাঞ্চলের বাজাউর উপজাতীয় জেলায় আফগান সীমান্তরক্ষীদের ‘উসকানিবিহীন ও অপরাধমূলক হামলায়’ ১২ জন আহত হন।
তিনি আরও বলেন, শুক্রবার ‘ফিতনা আল খাওয়ারিজ’ নামের গোষ্ঠীর একটি কোয়াডকপ্টার হামলায় ক্রিকেট খেলতে থাকা তিনজন বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন। উল্লেখ্য যে, পাকিস্তান সরকার দেশবিরোধী তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) সন্ত্রাসীদের ‘ফিতনা আল খাওয়ারিজ’ বলে উল্লেখ করে এবং তাদের কাবুলের সমর্থনপুষ্ট বলে দাবি করে।
তবে ইসলামাবাদের এই অভিযোগের বিষয়ে তাৎক্ষণিকভাবে কাবুলের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অতীতে আফগানিস্তান টিটিপিকে সমর্থনের অভিযোগ অস্বীকার করেছে।
এর আগে চলতি সপ্তাহে আফগানিস্তান অভিযোগ করে, পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলায় উত্তর-পূর্বাঞ্চলের কুনার প্রদেশে অন্তত চারজন বেসামরিক নিহত এবং ৩০ জন শিক্ষার্থীসহ ৭০ জন আহত হয়েছেন। কাবুল জানায়, ওই হামলায় বসতবাড়ির পাশাপাশি সায়েদ জামালউদ্দিন আফগানি বিশ্ববিদ্যালয়ও ক্ষতিগ্রস্ত হয়েছে।
তারার কাবুলের এই অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে প্রত্যাখ্যান করেন। তিনি বলেন, পাকিস্তান কেবল সন্ত্রাসীদের আস্তানা ও সহায়ক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালায় এবং বেসামরিক ক্ষতি এড়াতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে।
উভয় পক্ষের এসব দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।