• ঢাকা শুক্রবার
    ০১ মে, ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩

এখনও পর্যন্ত শ্রমিকদের মজুরি অত্যন্ত নিম্নমানের: আখতার হোসেন

প্রকাশিত: মে ১, ২০২৬, ০৯:০৪ পিএম

এখনও পর্যন্ত শ্রমিকদের মজুরি অত্যন্ত নিম্নমানের: আখতার হোসেন

সিটি নিউজ ডেস্ক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, আমাদের দেশের অধিকাংশ মানুষ শ্রমের সাথে যুক্ত। কিন্তু শ্রমিকদের অধিকারগুলো এখনও পর্যন্ত তাদের কাছে পৌঁছাতে পারেনি। এখনও পর্যন্ত শ্রমিকদের মজুরি অত্যন্ত নিম্নমানের। এই মজুরি দিয়ে ঊর্ধ্বমূল্যের বাজারে শ্রমিকরা তাদের পরিবারগুলোকে সঠিকভাবে ভরণপোষণ দিতে ব্যর্থ হন।

শুক্রবার (১ মে) শাহবাগে জাতীয় শ্রমিক শক্তি আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

আখতার হোসেন বলেন, শ্রমিকের সন্তানেরা তাদের জীবনমান এত নিম্নমানের হয়ে পড়ে যে, তারা আর লেখাপড়ার সুযোগ পায় না, নিজেকে প্রতিষ্ঠিত করার সুযোগ পায় না। তাদেরকেও শ্রমিকের কাজ ও শ্রমের সঙ্গে যুক্ত হতে হয়। শ্রমিক বংশানুক্রমিকভাবে তাদেরকে শ্রমের ঘানি তাদেরকে টানতে হয়। সেখানে কোনো রূপান্তর আর সম্ভব হয়ে ওঠে না।

বাংলাদেশের অর্থনীতি খাদের কিনারায় পৌঁছেছে উল্লেখ করে তিনি বলেন, যারা অর্থনীতি লুটপাটে জড়িত ছিল, তাদের আবারও একীভূত হওয়া ব্যাংকের মালিকানা ফিরিয়ে দেওয়ার সুযোগ রেখে একটি আইন বাস্তবায়ন করা হয়েছে। যেসব লুটেরা হাজার হাজার কোটি টাকা পাচার করেছে, তারা মাত্র সাড়ে ৭ শতাংশ অর্থ ফেরত দিলেই ব্যাংকের মালিকানা ফিরে পেতে পারে, এ ধরনের বিধানকে অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেন তিনি।

অন্যদিকে, এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ বলেন, দেশের প্রায় ৭০ শতাংশ মানুষ কায়িক শ্রমে অর্থনীতি সচল রাখে। গার্মেন্টস খাতে প্রায় ৪০ লাখ শ্রমিক কাজ করেন, যারা মোট জনসংখ্যার ১৫–১৭ শতাংশ হলেও রপ্তানি আয়ের প্রায় ৮০ শতাংশই তাদের শ্রমে অর্জিত হয়।

তিনি আরও বরেন, তবুও এই শ্রমিকদের অনেকেরই ন্যূনতম জীবনমান নিশ্চিত নয়, কারও ঘর নেই, কারও রান্নার সুবিধা নেই, অনেকের খাবার জোগাড় করাও কঠিন। অথচ তাদের ওপর ভর করেই দেশের বড় বড় উন্নয়ন হয়।

আর্কাইভ