• ঢাকা রবিবার
    ২৬ এপ্রিল, ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩

চমক রেখে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের স্কোয়াড ঘোষণা বাংলাদেশের

প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২৬, ০৮:১৮ পিএম

চমক রেখে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের স্কোয়াড ঘোষণা বাংলাদেশের

ক্রীড়া ডেস্ক

বাংলাদেশের বিপক্ষে ২ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী মাসে ঢাকায় আসবে পাকিস্তান দল। ইতোমধ্যে এই সিরিজের প্রথম ম্যাচের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই ম্যাচ দিয়ে টেস্টে অভিষেক হতে পারে তানজিদ তামিম ও অমিত হাসানের।

সাদা বলের ক্রিকেটে নিজেকে প্রমাণ করার পর এবার টেস্ট দলের ডাক পেয়েছেন তামিম। প্রথম শ্রেণির ক্রিকেটে ২৫ ম্যাচে ৪০ গড়ে ১৭৯২ রান রয়েছে তার ঝুলিতে।

এদিকে ঘরোয়া ক্রিকেটে রানের পাহাড় গড়ে নির্বাচকদের নজর কেড়েছেন অমিত। ২০১৯ সালে অভিষেকের পর ৮২টি প্রথম শ্রেণির ম্যাচে ২৩ বছর বয়সী এই ডানহাতি মিডল অর্ডার ব্যাটসম্যানের গড় প্রায় ৪৯।

এ ছাড়াও দীর্ঘ বিরতির পর টেস্ট দলে ফিরেছেন পেস আক্রমণের প্রধান দুই অস্ত্র তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। ২০২৪ সালের নভেম্বর-ডিসেম্বরের পর তারা আবারও সাদা পোশাকে মাঠে নামবেন। এছাড়া প্রায় এক বছর পর দলে ফিরেছেন অফ-স্পিনার নাঈম হাসান।

এই স্কোয়াড নিয়ে প্রধান নির্বাচক হাবিবুল বাশার বলেন, তানজিদ দীর্ঘ সময় ধরে আমাদের ভাবনায় ছিল। প্রথম শ্রেণির ক্রিকেটে তার রেকর্ড এবং টেকনিক বেশ উন্নত। আমরা বিশ্বাস করি বড় ফরম্যাটেও সে ভালো করবে। আর অমিত ঘরোয়া ক্রিকেটে অন্যতম ধারাবাহিক ব্যাটসম্যান। তার ধৈর্য ও টেম্পারামেন্ট টেস্ট ক্রিকেটের জন্য মানানসই। এই দুজনেই দীর্ঘ সময় বাংলাদেশ ক্রিকেটকে সেবা দেওয়ার ক্ষমতা রাখে।

আগামী ৮ মে ঢাকার শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্টের মাধ্যমে সিরিজটি শুরু হবে। এরপর ১৬ মে থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে।

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্ট স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক সৌরভ, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, নাঈম হাসান, এবাদত হোসেন চৌধুরী, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা, তানজিদ হাসান তামিম ও অমিত হাসান।
 

আর্কাইভ