• ঢাকা মঙ্গলবার
    ০৪ আগস্ট, ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩

সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন

প্রকাশিত: জুলাই ৫, ২০২৫, ০৮:৪৮ এএম

সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন

সিটি নিউজ ডেস্ক

সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার (৫ জুলাই) সকাল ৯টায় ৮৩ বছর বয়সে মারা যান তিনি। মৃত্যুকালে স্ত্রী ও এক মেয়ে রেখে গেছেন তিনি।

শামসুল হুদার ভগ্নিপতি আশফাক কাদেরী বলেন, ‘সকাল ৯টায় গুলশানের নিজ বাসা থেকে ইউনাইটেড হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার মরদেহ মর্গে রয়েছে।

তিনি আরও বলেন, তার মেয়ে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরলে জানাজা হবে। পরে বনানী কবরস্থানে দাফন করা হবে।

ফখরুদ্দীন আহমদ নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের সময় সাবেক আমলা এ টি এম শামসুল হুদা সিইসির দায়িত্ব নিয়েছিলেন ২০০৭ সালের ৫ ফেব্রুয়ারি। তিনি কাজ করেছেন ২০১২ সাল পর্যন্ত। কমিশনার হিসেবে তার সঙ্গী হন মুহাম্মদ ছহুল হোসাইন ও এম সাখাওয়াত হোসেন।

ভোটের আগে সেনাবাহিনীর তত্ত্বাবধানে ছবিসহ ভোটার তালিকা প্রণয়ন হয় ওই কমিশনের সময়েই। সংলাপ করে নির্বাচনী আইন সংস্কার করা হয়। চালু হয় রাজনৈতিক দলের নিবন্ধনের নিয়ম ও ইভিএম।

দীর্ঘ প্রতীক্ষার পর ২০০৮ সালের ২৯ ডিসেম্বর নবম সংসদ নির্বাচন করে শামসুল হুদার কমিশন। ৮৭ শতাংশের বেশি ভোটারের উপস্থিতিতে সেই নির্বাচনে আওয়ামী লীগ ২৩০, বিএনপি ৩০ ও জাতীয় পার্টি ২৭ আসন পায়।

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ