প্রকাশিত: এপ্রিল ৬, ২০২৬, ০৫:০৬ পিএম
২০২৫ সালের ডিসেম্বর শেষে দেশের ব্যাংকিং খাতে মোট খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৫ লাখ ৪৪ হাজার ৮৩১ কোটি ৮৮ লাখ টাকা।
কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও এনসিপি নেতা আবুল হাসনাতের (হাসনাত আবদুল্লাহ) করা প্রশ্নের জবাবে সোমবার (৬ এপ্রিল) জাতীয় সংসদে এই তথ্য জানান অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
এদিকে, বর্তমান সংসদের সংসদ সদস্য এবং তাদের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যাংক এবং ফাইন্যান্স কোম্পানিতে ঋণের পরিমাণ ১১ হাজার ১১৭ কোটি ৩১ লাখ টাকা। এর বাইরে সংসদ সদস্য ও তাদের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানিতে ৩ হাজার ৩৩০ কোটি টাকা খেলাপি ঋণ রয়েছে, যা আদালতের নির্দেশনা মোতাবেক বর্তমানে খেলাপি হিসেবে দেখানো হয়নি বলে জানান তিনি।
দেশের শীর্ষ ২০ ঋণখেলাপি প্রতিষ্ঠানের তালিকা-ও প্রকাশ করেন আমির খসরু মাহমুদ চৌধুরী।
অর্থমন্ত্রীর দেওয়া তালিকায় থাকা শীর্ষ ২০টি প্রতিষ্ঠান হলো— এস আলম সুপার এডিবল অয়েল লিমিটেড, এস আলম ভেজিটেবল অয়েল লিমিটেড, এস আলম রিফাইনড সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেড, সোনালী ট্রেডার্স, বেক্সিমকো, গ্লোবাল ট্রেডিং করপোরেশন, চেমন ইস্পাত, এস আলম ট্রেডিং কোম্পানি প্রাইভেট, ইনফিনিট সিআর স্ট্রিপস ইন্ডাজট্রিজ লি, কেয়া কসমেটিকস লি, দেশবন্ধু সুগার মিলস লি, পাওয়ার প্যাক মুতিয়ারা কেরাণীগঞ্জ পাওয়ার প্ল্যান্ট লি, পাওয়ার প্যাক মুতিয়ারা জামালপুর পাওয়ার প্ল্যান্ট লি, প্যাসিফিক বাংলাদেশ টেলিকম লি, কর্ণফুলি ফুডস (প্রা.), মুরাদ এন্টারপ্রাইজ, সিএলসি পাওয়ার কোম্পানি, বেক্সিমকো কমিউনিকেশনস এবং রংধনু বিল্ডার্স।