• ঢাকা সোমবার
    ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

নভেম্বরে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনা, এখনো চূড়ান্ত নয়

প্রকাশিত: সেপ্টেম্বর ২৮, ২০২৬, ০৩:৪৭ পিএম

নভেম্বরে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনা, এখনো চূড়ান্ত নয়

সিটি নিউজ ডেস্ক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে ঢাকা ও নয়াদিল্লির মধ্যে আলোচনা চলছে। নভেম্বরের তৃতীয় সপ্তাহে সফরটি আয়োজনের সম্ভাব্য তারিখ নিয়ে দুই দেশ কাজ করছে বলে জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

গতকাল (রোববার, ২৭ সেপ্টেম্বর) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরে নেয়ার একটি উদ্যোগ নেয়া হলেও তা শেষ পর্যন্ত বাস্তবায়িত হয়নি। এবার নতুন করে সফরের সম্ভাব্য সময় নিয়ে আলোচনা শুরু হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, আগামী নভেম্বরের তৃতীয় সপ্তাহে তারেক রহমানের ভারত সফরের বিষয়ে আলোচনা চলছে। ভারতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম সিয়াম দায়িত্ব নেয়ার পর এ আলোচনা আরও গতি পেতে পারে। তিনি অক্টোবরের শেষ সপ্তাহ অথবা নভেম্বরের প্রথম দিকে নয়াদিল্লিতে গিয়ে দায়িত্ব গ্রহণ করতে পারেন।

তবে সফরের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বিশেষ করে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়টি অমীমাংসিত থাকায় সম্ভাব্য সফরটি শেষ পর্যন্ত হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনে তাকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। এর জবাবে দ্রুতই তাকে ধন্যবাদ জানান মোদি। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, এই সৌজন্য বিনিময়ের পর দুই দেশের প্রধানমন্ত্রীর সম্ভাব্য বৈঠক ও সফরের জন্য আগাম তারিখ নির্ধারণের সম্ভাবনা বেড়েছে। তবে ঢাকা বা নয়াদিল্লি কেউই এখন পর্যন্ত সফরের তারিখ নিশ্চিত করেনি বা এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি।

এদিকে, ভারতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের ১৭ সেপ্টেম্বর ঢাকায় সফরের খবরও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ভারত বা বাংলাদেশ কোনো পক্ষই তার ওই সফর আনুষ্ঠানিকভাবে নিশ্চিত বা অস্বীকার করেনি।

দুই দেশের সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসও জানিয়েছে, নভেম্বরের দ্বিতীয়ার্ধে এ সফর আয়োজন নিয়ে ঢাকা ও নয়াদিল্লির মধ্যে আলোচনা চলছে। তবে শেখ হাসিনার অবস্থান ও তাকে প্রত্যর্পণের বিষয়টি দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অমীমাংসিত প্রশ্ন হয়ে রয়েছে।

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ