প্রকাশিত: জুন ১৯, ২০২৬, ১০:১৪ এএম
ফিফা বিশ্বকাপে `বি` গ্রুপের চতুর্থ ম্যাচে রীতিমতো গোলবন্যা দেখিয়েছে সহ-আয়োজক কানাডা। নিজেদের দ্বিতীয় ম্যাচে কাতারকে ৬-০ গোলে হারিয়েছে তারা। দলের হয়ে হ্যাটট্রিক করেছেন জোনাথন ডেভিড। এছাড়া স্কোর শিটে নাম লিখিয়েছেন লারিন ও সালিবা। একটি গোল হয় আত্মঘাতী।
শুক্রবার (১৯ জুন) বাংলাদেশ সময় ভোরে ভ্যাঙ্কুভারের বিসি প্লেস স্টেডিয়ামে কাতারকে আতিথ্য দেয় কানাডা।
ম্যাচের ১৬তম মিনিটেই গোল করে কানাডাকে এগিয়ে নিয়ে যান বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে কানাডার প্রথম ম্যাচে সমতাসূচক গোলস্কোরার কাইল লারিন।
প্রতিপক্ষ ফরোয়ার্ড জোনাথন ডেভিডের জোরাল শট ঠেকালেও হাতে রাখতে পারেননি কাতারের গোলকিপার মাহমুদ আবুনাদা। হাত থেকে বল বেরিয়ে এলে ফিরতি বলে আবারও শট নিলে লক্ষ্যভেদ করতে সক্ষম হন তিনি।
এরপর ২৯তম মিনিটে দুর্দান্ত এক গোলে ব্যবধান দ্বিগুণ করেন জোনাথন ডেভিড। ম্যাচের ৩৩তম মিনিটে লাল কার্ড পেয়ে মাঠ ছাড়েন কাতারের হোমাম আহমেদ। কানাডিয়ান ফরোয়ার্ড তেজন বুকানানকে বক্সের ভেতর ফাউল করায় এ শাস্তি পান তিনি। কাতার পরিণত হয় ১০ জনের দলে।
প্রথমার্ধের অতিরিক্ত সময়ে নিজের দ্বিতীয় ও দলের পক্ষে ৩ নম্বর গোলটি করেন ডেভিড। ৩-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় কানাডা।
বিরতির পর আরও আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে থাকে স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধের অষ্টম মিনিটে ইসমায়েল কোনেকে গুরুতর ফাউল করে লাল কার্ড দেখেন কাতারের আসিম মাদিবো। এতে পা ভেঙে মাঠ ছাড়েন কোনে। ৯ জনের দলে পরিণত হয় কাতার।
ম্যাচের ৬৪তম মিনিটে কাতারের জালে দলের হয়ে চতুর্থবারের মতো বল লক্ষ্যভেদ করেন সালিবা। ৫ম গোলটি হয় আত্মঘাতী। মোহামেদ মানাই বল ক্লিয়ার করতে গিয়ে নিজের জালে বল ঢুকিয়ে দিলে ৫ গোলের ব্যবধানে পিছিয়ে পড়ে কাতার।
শেষদিকে অতিরিক্ত সময়ে দলের হয়ে ষষ্ঠ গোলের পাশাপাশি নিজের হ্যাটট্রিক পূরণ করেন জোনাথন ডেভিড। আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির পর চলতি বিশ্বকাপে এটি দ্বিতীয় হ্যাটট্রিক। শেষ পর্যন্ত ৬-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে কানাডা।
কানাডার এ জয়ের মাধ্যমে এবারের আসরের তিন আয়োজক দেশই জয়ের স্বাদ পেল। আগামী বুধবার (২৪ জুন) গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে সুইজারল্যান্ডের মোকাবিলা করবে কানাডা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়।