• ঢাকা বৃহস্পতিবার
    ০৩ সেপ্টেম্বর, ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩

টানা তিন দফা কমে বাড়ল স্বর্ণের দাম

প্রকাশিত: সেপ্টেম্বর ৩, ২০২৬, ১১:১৭ এএম

টানা তিন দফা কমে বাড়ল স্বর্ণের দাম

সিটি নিউজ ডেস্ক

টানা তিন দফা দাম কমার পর দেশের বাজারে আবারও বড় ব্যবধানে বাড়ল স্বর্ণের দাম। মাত্র এক দিনের ব্যবধানেই ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৩৭ হাজার ৩৬২ টাকা নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে এক বিজ্ঞপ্তিতে নতুন দাম ঘোষণা করা হয়। আজ সকাল ১০টা থেকেই এই দাম কার্যকর হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম বেড়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে নতুন করে স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে।

নির্ধারিত নতুন দর অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম দাঁড়িয়েছে—

২২ ক্যারেট: ২ লাখ ৩৭ হাজার ৩৬২ টাকা। ২১ ক্যারেট: ২ লাখ ২৬ হাজার ৬৮৯ টাকা। ১৮ ক্যারেট: ১ লাখ ৯৪ হাজার ৬১৩ টাকা। সনাতন পদ্ধতি: ১ লাখ ৫৮ হাজার ৯৮০ টাকা।

সূত্র জানায়, নির্ধারিত বিক্রয়মূল্যের মধ্যেই ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে। ফলে গ্রাহকের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট নেওয়া যাবে না। তবে গহনার নকশা ও ডিজাইনের ধরন অনুযায়ী মজুরি আলাদাভাবে যুক্ত হবে।

স্বর্ণের নতুন দাম কার্যকর হওয়ার মাত্র এক দিন আগে, বুধবার (২ সেপ্টেম্বর) সর্বশেষ দাম সমন্বয় করেছিল বাজুস। সেদিন ভরিতে ৪ হাজার ২৩ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা নির্ধারণ করা হয়েছিল।

ওই সময় ২১ ক্যারেটের দাম ছিল ২ লাখ ২১ হাজার ৪৪১ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৯০ হাজার ১২৩ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ছিল ১ লাখ ৫৫ হাজার ৩০৬ টাকা।

অর্থাৎ, এক দিনের ব্যবধানেই ২২ ক্যারেটের স্বর্ণের দাম আবারও ৫ হাজার ৪৮২ টাকা বাড়ল।

সূত্র আরও জানিয়েছে, ভ্যাট, মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে স্বর্ণ ও রুপার গহনা বিনিময় বা বেচাকেনার ক্ষেত্রে সংগঠনের আগের নিয়ম বহাল থাকবে।

আর্কাইভ