• ঢাকা মঙ্গলবার
    ০৩ ফেব্রুয়ারি, ২০২৬, ২১ মাঘ ১৪৩২

কাবুলে মসজিদে বোমা হামলার দায় স্বীকার করেছে আইএস

প্রকাশিত: অক্টোবর ৫, ২০২১, ০৮:১৭ এএম

কাবুলে মসজিদে বোমা হামলার দায় স্বীকার করেছে আইএস

আন্তর্জাতিক ডেস্ক

আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি মসজিদের কাছে বোমা হামলার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। রোববার (৩ অক্টোবর) এ হামলা হয়েছিল।

আইএসের প্রচারণার মাধ্যম ‘আমাক’ মঙ্গলবার (৫ অক্টোবর) এ দাবি করেছে। এতে বলা হয়, জঙ্গিগোষ্ঠীটির এক আত্মঘাতী বোমা হামলাকারী কাবুলের মসজিদের কাছে ওই হামলা চালায়। হামলায় অন্তত পাঁচজন নিহত হন। আহত হন বেশ কয়েকজন।

হামলার পর তালেবানের প্রধান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেছিলেন, প্রাথমিক তথ্যে হামলার সঙ্গে আইএসের সংশ্লিষ্টতার আভাস পাওয়া গেছে।

রোববার বিকেলে হামলার পর সন্ধ্যার দিকে তালেবান কাবুলের উত্তরে অভিযান পরিচালনা করে। তারা আইএসের সক্রিয় একটি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়ার দাবি করে। জাবিউল্লাহ মুজাহিদ বলেন, ‘সুনির্দিষ্টভাবে চালানো সফল অভিযানে আইএসের কেন্দ্র গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় আইএসের সদস্যরা নিহত হন।’

গত আগস্টে আফগানিস্তানের ক্ষমতা তালেবানের হাতে যাওয়ার পর দেশটিতে একাধিক হামলা চালিয়েছে আইএস। এসব হামলার নিশানা ছিল তালেবান। তালেবান ও আইএস পরস্পরের প্রতিপক্ষ।

 

শামীম/এম. জামান

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ