• ঢাকা মঙ্গলবার
    ১৭ মার্চ, ২০২৬, ৩ চৈত্র ১৪৩২

ইরান যুদ্ধ ‘শিগগিরই’ শেষ হবে, বেশি সময় লাগবে না: ট্রাম্প

প্রকাশিত: মার্চ ১৭, ২০২৬, ১০:০৬ এএম

ইরান যুদ্ধ ‘শিগগিরই’ শেষ হবে, বেশি সময় লাগবে না: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

ইরানের সঙ্গে যুদ্ধ কতদিন চলবে— এ নিয়ে মার্কিন প্রশাসনের ভিন্নমুখী বক্তব্যের মধ্যেই নতুন মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলছেন, এই সপ্তাহে যুদ্ধ শেষ না হলেও খুব শিগগিরই সমাপ্তি ঘটবে। একই সঙ্গে তিনি দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের হামলা না হলে পারমাণবিক যুদ্ধ বেঁধে তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকি তৈরি হতো। খবর আনাদোলু

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধ এই সপ্তাহে শেষ হচ্ছে না, তবে খুব শিগগিরই এর সমাপ্তি ঘটবে। তার ভাষায়, ‘বেশি সময় লাগবে না’। তিনি সোমবার বলেন, ‘এই অভিযান শেষ হলে বিশ্ব অনেক বেশি নিরাপদ হবে। খুব শিগগিরই এটি শেষ হবে’। ব্যক্তিগতভাবে অনিচ্ছা থাকলেও পরিস্থিতির কারণে পদক্ষেপ নেয়া তার ‘দায়িত্ব’ ছিল বলেও উল্লেখ করেন ট্রাম্প।

ট্রাম্পের দাবি, যুক্তরাষ্ট্র ইরানে হামলা না চালালে পারমাণবিক যুদ্ধ বেঁধে যেত এবং তা তৃতীয় বিশ্বযুদ্ধে রূপ নিতে পারত। তাই এই অভিযানকে তিনি পছন্দের যুদ্ধ নয়, বরং প্রয়োজনীয় পদক্ষেপ হিসেবে তুলে ধরেন।

অবশ্য ইরান যুদ্ধের সময়কাল নিয়ে ট্রাম্প প্রশাসনের বক্তব্যে বারবার পরিবর্তন ও অসঙ্গতি দেখা যাচ্ছে। শুরুতে ট্রাম্প বলেছিলেন, এই অভিযান চার থেকে পাঁচ সপ্তাহ চলবে এবং তা ‘সময়সূচির আগেই এগোচ্ছে’ বলেও দাবি করেছিলেন।

রোববার মার্কিন জ্বালানি মন্ত্রী ক্রিস রাইট বলেন, এটি ‘নিশ্চিতভাবেই’ কয়েক সপ্তাহের মধ্যেই শেষ হবে। তবে গত সপ্তাহে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ মন্তব্য করেন, এটি ‘মাত্র শুরু’ হয়েছে। একই সময় অ্যাক্সিওস সংবাদমাধ্যম জানায়, ওয়াশিংটন ও মিত্র দেশগুলোর কর্মকর্তারা ধারণা করছেন, যুক্তরাষ্ট্রের এই সম্পৃক্ততা সেপ্টেম্বর পর্যন্ত গড়াতে পারে।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা গত ২৮ ফেব্রুয়ারি শুরু হয়। এতে এখন পর্যন্ত ১ হাজার ২০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন বলে জানা গেছে। নিহতদের মধ্যে তৎকালীন সর্বোচ্চ নেতা আলী খামেনিও রয়েছেন। অভিযানের শুরু থেকে এখন পর্যন্ত ১৪ জন মার্কিন সেনা সদস্যও নিহত হয়েছেন।

আর্কাইভ