• ঢাকা বৃহস্পতিবার
    ১৯ মার্চ, ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

জাতীয় ঈদগাহে নিরাপত্তা শঙ্কা নেই: ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার

প্রকাশিত: মার্চ ১৯, ২০২৬, ০২:২৬ পিএম

জাতীয় ঈদগাহে নিরাপত্তা শঙ্কা নেই: ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঈদুল ফিতরের জামাত ঘিরে জাতীয় ঈদগাহের নিরাপত্তা সংক্রান্ত কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার।

বৃহস্পতিবার (১৯ মার্চ) জাতীয় ঈদগাহ পরিদর্শনের পর সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

ভারপ্রাপ্ত কমিশনার বলেন, জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। এখানে প্রায় ৩৫ হাজার মুসল্লি নামাজ আদায় করবেন।

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পাঁচটি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। আবহাওয়া প্রতিকূল থাকলে প্রধান ঈদের জামাতের ভেন্যু পরিবর্তন হতে পারে। ১২১টি ঈদগাহ এবং এক হাজার ৫৯৯টি মসজিদে ১ হাজার ৭৭১টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। আগারগাঁও পুরাতন বাণিজ্য মেলার মাঠে ঢাকা উত্তর সিটির আয়োজনে ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

তিনি জানান, সৌদি আরবের সঙ্গে মিল রেখে আগের দিন তিনটি ঈদ জামাত এবং শিয়া সম্প্রদায়ের আটটি ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

নিরাপত্তা নিয়ে ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার বলেন, জাতীয় ঈদগাহে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে। প্রবেশ গেটে তল্লাশির জন্য আর্চওয়ে এবং মেটাল ডিটেক্টর থাকবে। পুরো জাতীয় ঈদগাহ এবং আশপাশের এলাকা সিসিটিভি দিয়ে মনিটরিং করা হবে।

মৎস্য ভবন, প্রেসক্লাব এবং শিক্ষা ভবন এলাকায় গাড়ির জন্য ব্যারিকেড দেওয়া হবে। বায়তুল মোকাররম এলাকায় নিরাপত্তা ব্যবস্থা থাকবে।

ডাইভারশন নিয়ে ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার বলেন, জাতীয় ঈদগাহকে কেন্দ্র করে কিছু কিছু এলাকায় ডাইভারশন দেওয়া থাকবে। এ কারণে আশা করি নগরবাসীর অসুবিধা হবে না, যেহেতু ঢাকার অন্যদিকে রাস্তায় যানবাহন চলাচল কম। ডাইভারশনগুলো হলো—জিরোপয়েন্ট ক্রসিং, সরকারি কর্মচারী হাসপাতাল, হাইকোর্ট ক্রসিং, প্রেসক্লাব লিংক রোড, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পেছনের গলি, পল্টন ক্রসিং, পুলিশ কন্ট্রোল রুম, মৎস্য ভবন ক্রসিং।

এসব এলাকা দিয়ে পায়ে হেঁটে মুসল্লিরা ঈদগাহে আসতে পারবেন। এসব এলাকায় গাড়ি ঢোকানোর চেষ্টা করা যাবে না।

গাড়ি পার্কিং নিয়ে তিনি বলেন, যেসব স্থানে গাড়ি পার্কিং করা যাবে সেগুলো হলো—গণপূর্ত ভবনের ভেতরে সরকারি কর্মচারী ও বিশেষ ব্যক্তিবর্গ বা সাংবাদিকদের গাড়ি থাকবে। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, জিরোপয়েন্ট, পল্টন ক্রসিংয়ের রাস্তার দুই পাশে পার্কিং করা যাবে। দোয়েল চত্বরের দক্ষিণ পাশে, ফজলুল হক মুসলিম হল-আনন্দবাজার ক্রসিং পর্যন্ত পার্কিং করা যাবে। মৎস্য ভবনের পূর্ব পাশে কার্পেট গলি রোডে পার্কিং করা যাবে। মৎস্য ভবন থেকে শাহবাগ ক্রসিং পর্যন্ত রাস্তার উভয় পাশে পার্কিং করা যাবে।

নিরাপত্তার স্বার্থে তল্লাশি কাজে সহায়তা করার আহ্বান জানয়ে জনসাধারণের উদ্দেশে মো. সরওয়ার বলেন, ঈদগাহে ব্যাগ বা কোনো কিছু আনা যাবে না। ধারালো বস্তু বা দাহ্য পদার্থ আনা যাবে না। তবে জায়নামাজ ও মোবাইল ফোন আনা যাবে।

আর্কাইভ