প্রকাশিত: মার্চ ১৯, ২০২৬, ১০:৩১ এএম
পোশাকশিল্পে কর্মরত শ্রমিক ও কর্মকর্তাদের বেতন-বোনাসসহ অন্যান্য ভাতা পরিশোধ এবং রফতানি বিল ক্রয়ের সুবিধার্থে সীমিত পরিসরে শিল্পঘন এলাকায় বৃহস্পতিবারও (১৯ মার্চ) চলবে ব্যাংক লেনদেন।
কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, পোশাকশিল্প সংশ্লিষ্ট এলাকার ব্যাংক শাখাগুলো আজ সীমিত পরিসরে খোলা থাকবে।
এদিন সংশ্লিষ্ট শাখাগুলোতে নির্ধারিত সময়ে লেনদেন চলবে। এর আগে গত ১০ মার্চ কেন্দ্রীয় ব্যাংকের ডিপার্টমেন্ট অব সাইট সুপারভিশন থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করে।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়, ঈদুল ফিতর উপলক্ষে তৈরি পােশাক শিল্পে কর্মরত শ্রমিক, কর্মচারী/কর্মকর্তাদের বেতন-ভাতা ও রফতানি বিল ক্রয়ের জন্য বাণিজ্যিক ব্যাংকের সংশ্লিষ্ট শাখাগুলো ঈদের আগের সরকারি ছুটির দিন ১৮ ও ১৯ মার্চ সীমিত পরিসরে খােলা থাকবে। ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত তৈরি পােশাক শিল্প সংশ্লিষ্ট শাখাগুলো পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে ছুটির দিন খোলা থাকবে।
লেনদেন সূচি
এদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ব্যাংক লেনদেন হবে। তবে অফিস চলবে দুপুর ২টা পর্যন্ত। আর দুপুর ১টা ১৫ মিনিট থেকে দেড়টা পর্যন্ত যোহরের নামাজের বিরতি থাকবে। ছুটির মধ্যে ব্যাংকগুলোর শাখায় যেসব কর্মকর্তা-কর্মচারী দায়িত্ব পালন করবেন তারা বিধি মোতাবেক ভাতা প্রাপ্য হবেন বলে নির্দেশনায় জানানো হয়েছে।