প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২৬, ১০:২৩ এএম
পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাতভর তীব্র সংঘর্ষের ঘটনা ঘটেছে। পাকিস্তানের দাবি, আফগানিস্তানের দিক থেকে হামলার জবাবে চালানো প্রতিশোধমূলক অভিযানে তালেবান সরকারের ১৩৩ সদস্য নিহত এবং ২০০ জনেরও বেশি আহত হয়েছেন।
নিরাপত্তা সূত্র জানায়, আফগান বাহিনীর হামলার পর পাকিস্তান ‘অপারেশন গাজাব-লিল-হক্ক’ নামে সামরিক অভিযান শুরু করে। পাকিস্তান বিমান বাহিনীর জেট নাঙ্গারহার প্রদেশে একটি প্রধান গোলাবারুদ ডিপো ধ্বংস করেছে বলেও দাবি করা হয়েছে।
সরকারি সূত্রের ভাষ্য অনুযায়ী, অভিযানে কাবুল, পাকতিয়া ও কান্দাহারের বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়। এতে আরও হতাহতের আশঙ্কা রয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, ২৭টি তালেবান পোস্ট ধ্বংস এবং ৯টি পোস্ট দখল করা হয়েছে। পাশাপাশি দুটি কর্পস সদর দপ্তর, তিনটি ব্রিগেড সদর দপ্তর, দুটি গোলাবারুদ ডিপো, একটি লজিস্টিক ঘাঁটি, তিনটি ব্যাটালিয়ন সদর দপ্তর এবং দুটি সেক্টর সদর দপ্তরে আঘাত হানার দাবি করা হয়েছে। এছাড়া ৮০টির বেশি ট্যাঙ্ক, আর্টিলারি গান ও সাঁজোয়া যান ধ্বংসের কথাও জানানো হয়।
সরকারের মুখপাত্র মোশাররফ জাইদি বলেন, আফগান আগ্রাসনের বিরুদ্ধে পাকিস্তানের তাৎক্ষণিক ও কার্যকর প্রতিক্রিয়া চলমান রয়েছে এবং দেশের ভূখণ্ড ও সার্বভৌমত্ব রক্ষায় সরকার প্রস্তুত। নিরাপত্তা সূত্র জানিয়েছে, সর্বশেষ দফার অভিযানে আফগান সীমান্তের ১২টি পোস্ট সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে। এছাড়া পাকিস্তানি বাহিনী আরও পাঁচটি পোস্ট দখলে নিয়ে সেখানে জাতীয় পতাকা উত্তোলন করেছে।
সূত্রগুলো জানায়, নাঙ্গারহারের গোলাবারুদ ডিপোর পাশাপাশি কান্দাহার প্রদেশেও পাকিস্তানি বাহিনী হামলা চালায়। সেখানে একটি গোলাবারুদ ডিপো ও একটি লজিস্টিক ঘাঁটি ধ্বংস করা হয়েছে, যা তালেবান বাহিনীর কার্যক্রম পরিচালনার সক্ষমতাকে আরও দুর্বল করেছে।
কর্মকর্তারা নিশ্চিত করেছেন, পাকতিয়া প্রদেশে আফগান তালেবানের একটি কোর সদর দপ্তর ধ্বংস করা হয়েছে। নিরাপত্তা সূত্র জানায়, সীমান্তের ওপারে তিনটি আফগান ব্যাটালিয়ন ও একটি সেক্টর সদর দপ্তর সর্বশেষ অভিযানে সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে। এছাড়া ৩০টিরও বেশি ট্যাঙ্ক, আর্টিলারি গান এবং সাঁজোয়া কর্মীবাহী যান (এপিসি) ধ্বংস করা হয়েছে বলে জানানো হয়।
সূত্রগুলো আরও জানায়, পাকিস্তানি বাহিনী আফগান তালেবানের দাউদ পোস্ট এবং আংগুর আড্ডায় আরেকটি নিরাপত্তা চেকপোস্ট ধ্বংস করেছে। একই সঙ্গে পাকতিকা প্রদেশে অবস্থিত একটি চেকপোস্ট দখলে নেওয়া হয়েছে।
কর্মকর্তাদের মতে, কুররম জেলার গুরুত্বপূর্ণ পাক-আফগান সীমান্ত ক্রসিং খারলাচি টার্মিনালে তালেবানের বেশ কয়েকটি অবস্থানেও হামলা চালানো হয়েছে। নিরাপত্তা সূত্র জানায়, মোহমান্দ সেক্টরের কাছে আফগান তালেবানের পোস্টগুলো পাকিস্তানি অভিযানের চাপে পরিত্যক্ত হয় এবং যোদ্ধারা পিছু হটতে বাধ্য হয়। বেশ কয়েকটি আফগান অবস্থান ধ্বংস করা হয়েছে এবং অন্যান্য অগ্রবর্তী চৌকিগুলোও খালি পড়ে আছে। কর্মকর্তারা আরও নিশ্চিত করেছেন, কাবুলে তালেবানের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলোর মধ্যে দুটি ব্রিগেড সদর দপ্তর ধ্বংস করা হয়েছে।
এর আগে, গত রোববার আফগান সীমান্তে পাকিস্তানের অভিযানে বেশ কয়েকজন নিহত হন। ওই ঘটনার জবাবে বৃহস্পতিবার আফগান বাহিনী পাকিস্তানের সীমান্তবর্তী অবকাঠামো লক্ষ্য করে হামলা চালায়। পরে ইসলামাবাদ পাল্টা হামলা চালালে রাতভর দুই দেশের বাহিনীর মধ্যে সংঘর্ষ চলে।
সূত্র: জিও নিউজ