প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২৬, ১২:৩৩ পিএম
`নরওয়ে ঠকালেও ফিফা ঠিকই শান্তি পুরস্কার দিয়ে আমাকে সম্মানিত করেছে। যা আমি খুবই পছন্দ করেছি।`— রসিকতার ছলে ফিফা শান্তি পুরস্কার নিয়ে এভাবেই নিজের অনুভূতি প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি বোর্ড অব পিসে যুক্ত হয়ে গাজায় ফুটবল মাঠ তৈরি ও শান্তি ফেরানোর প্রচেষ্টায় যুক্ত হওয়ায় ফিফা সভাপতির উচ্ছসিত প্রশংসাও করেন তিনি।
মূলত, বিশ্বে শান্তি ফেরাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন উদ্যোগ ` বোর্ড অব পিস`। যে সংগঠনের প্রধান লক্ষ্য ইসরাইলি আগ্রাসনে বিধ্বস্ত ফিলিস্তিনের পুনর্গঠন।
এই উদ্যোগে অংশীদার হয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। বিধ্বস্ত গাজায় ফুটবল মাঠ ও একাডেমি তৈরিতে ৭৫ মিলিয়ন ডলার সংগ্রহে ভূমিকা রেখেছে সংস্থাটি। পাশাপাশি বিশ্বের তারকা ফুটবলারদের নিয়ে যাওয়া হবে গাজায়। বোর্ড অব পিসের প্রথম সভায় তাই ফিফা সভাপতির উচ্ছসিত প্রশংসা ট্রাম্পের কন্ঠে। রসিকতার ছলে মনে করিয়েও দিলেন, শান্তি স্থাপনে ফুটবলের ভূমিকার কথাও।
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, `আজ একটি ঐতিহাসিক দিন। ফিফা গাজার প্রজেক্টগুলোর জন্য মোট ৭৫ মিলিয়ন ডলার সংগ্রহ করতে সাহায্য করছে। আমার বন্ধু জিয়ান্নি—যিনি খুবই স্মার্ট, খুবই বুদ্ধিমান—তিনি সেখানে বড় বড় ফুটবল মাঠ তৈরি করবেন। সেখানে বিশ্বের সেরা ফুটবলাররা যাবে। সত্যি বলতে, তারা আমার বা জিয়ান্নির চেয়েও বড় তারকা। আমি যা মানতে চাই না, কিন্তু এটাই সত্যি! আমার ছেলে তো তাদের দেখে পাগল হয়ে যায়। গাজার মানুষ এদের সবাইকে চেনে। এটা হবে অবিশ্বাস্য কিছু`।
আসলে গাজায় প্রায় ২০-২৫ হাজার দর্শক ধারণক্ষমতার স্টেডিয়াম নির্মাণে ৫০ মিলিয়ন ডলার ও একটি একাডেমি তৈরিতে ১৫ মিলিয়ন ডলার খরচ করবে ফিফা। সাড়ে সাত মিলিয়ন ডলার খরচ করে তৈরি করা হবে আরও অন্তত অর্ধশতাধিক মিনি মাঠ। বোর্ড অব পিসের প্রথম সভায় উপস্থিত হয়ে এসব তথ্য দেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফ্যান্তিনিও।
ফিফা সভাপতি বলেন, `আমাদের শুধু ঘরবাড়ি, স্কুল বা হাসপাতাল বানালেই চলবে না। আমাদের পুনর্গঠন করতে হবে মানুষের আবেগ, আশা আর বিশ্বাস। ফুটবল মানেই হলো এই আশা। ফিফা গাজায় ২০-২৫ হাজার দর্শক ধারণক্ষমতার একটি স্টেডিয়াম এবং একটি ফুটবল একাডেমি বানাতে ৫০ মিলিয়ন ডলার দিচ্ছে। আমরা আরও ৫০টি ছোট ছোট `ফিফা এরিনা` বানাব। কারণ ফুটবলই পারে শান্তি আনতে।`
২০২৫ সালে মার্কিন প্রেসিডেন্টকে বিশেষ শান্তি পুরস্কার দিয়েছে ফিফা। যা নিয়েও রসিকতা করতে ভুলেননি ট্রাম্প। শান্তিতে নোবেল না দিয়ে নরওয়ে তাকে ঠকিয়েছে বলেও খোঁচা দেন ট্রাম্প। তবে সেই ক্ষতে কিছুটা হলেও প্রলেপ দিয়েছে ফিফার শান্তি পুরস্কার। আর তাই ফিফা সভাপতিকে ধন্যবাদ জানাতে ভুলেননি মার্কিন প্রেসিডেন্ট।
ট্রাম্প বলেন, জিয়ান্নি এবং ফিফা আমাকে তাদের ইতিহাসের প্রথম শান্তি পুরস্কার দিয়েছে। আমি জানি কেন তারা এটা করেছে। তারা দেখেছে যে নরওয়ে আমাকে নোবেল প্রাইজ না দিয়ে কীভাবে `ঠকিয়েছে` । তাই তারা ভেবেছে—`চলুন ট্রাম্পকে একটা শান্তি পুরস্কার দেই`। ধন্যবাদ জিয়ান্নি, আমি সত্যিই এটা পছন্দ করেছি। আপনি সত্যিই খুব বুদ্ধিমান মানুষ।
উল্লেখ্য, চড়ামূল্য স্বত্ত্বেও আসন্ন বিশ্বকাপের টিকিট বিক্রিতে হয়েছে রেকর্ড। বোর্ড অব পিসের প্রথম সভায় সেটিও মনে করিয়ে দিয়ে সফল এক আসরের প্রতিশ্রুতি দিলেন মার্কিন প্রেসিডেন্ট।