প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০২৬, ০৬:৫৯ পিএম
পটুয়াখালীর বাউফল উপজেলার ১৩নং আদাবাড়িয়া ইউনিয়নে নিখোঁজের একদিন পর পুকুর থেকে শাকিল মৃধা (২৪) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আদাবাড়িয়া ইউনিয়নের মৃত সোবাহান মৃধার ছোট ছেলে শাকিল মৃধা রবিবার রাত থেকে নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।
সোমবার (তারিখ উল্লেখযোগ্য) দুপুর আনুমানিক ১টার দিকে আদাবাড়িয়া ইউনিয়ন পরিষদের সামনে একটি পুকুরে অজ্ঞাতনামা একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা দ্রুত প্রশাসনকে খবর দেন।
খবর পেয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) সিদ্দিকুর রহমান পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। পরে লাশটি নিখোঁজ শাকিল মৃধার বলে শনাক্ত করা হয়।
জানা গেছে, শাকিল মৃধা বাউফলের মীলঘর এলাকায় একটি বাস কাউন্টারে টিকিট বিক্রির কাজ করতেন। তিনি পরিবারের ছোট সন্তান। সাত মাস আগে তার বিয়ে হলেও এখনো স্ত্রীকে আনুষ্ঠানিকভাবে শ্বশুরবাড়ি থেকে তুলে আনেননি। কয়েক বছর আগে তার বাবা মারা যান।
শাকিলের মা জানান, তার ছেলেকে বন্ধুদের কেউ ক্ষতি করে থাকতে পারে বলে তিনি আশঙ্কা করছেন।
লাশ উদ্ধারের সময় ঘটনাস্থলে কয়েকশ’ উৎসুক মানুষ ভিড় করেন। পরে মরদেহটি ১৩নং আদাবাড়িয়া ইউনিয়ন পরিষদ মাঠে রাখা হয় এবং প্রাথমিক সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়।
এ বিষয়ে বাউফল থানার ওসি সিদ্দিকুর রহমান বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করেছি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এবং তদন্তের মাধ্যমে ঘটনার বিস্তারিত উদঘাটন করা হবে।”