প্রকাশিত: অক্টোবর ২৪, ২০২৬, ১২:৪৮ পিএম
গাজীপুরের কাশিমপুরের পশ্চিম শৈলডুবি এলাকায় সুপ্রিম গার্মেন্টসের কার্টন ও সুতার গুদামে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। এ ছাড়া আরও দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। সব মিলিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করবে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট।
শনিবার (২৪ অক্টোবর) সকাল ১০টা ১৪ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। পরে সকাল ১০টা ২৫ মিনিটে ইউনিটগুলো ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
ফায়ার সার্ভিসের তথ্যমতে, কারখানাটির কার্টন ও সুতার গুদামে আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে আনতে একাধিক ইউনিট কাজ করছে।
তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং হতাহতের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণে এলে বিস্তারিত জানা যাবে।