• ঢাকা শনিবার
    ২৪ অক্টোবর, ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

অক্টোবরে হরমুজ প্রণালিতে জাহাজে হামলার রেকর্ড

প্রকাশিত: অক্টোবর ২৪, ২০২৬, ১০:০৭ এএম

অক্টোবরে হরমুজ প্রণালিতে জাহাজে হামলার রেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক

হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনা চলতি অক্টোবরে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। গুরুত্বপূর্ণ এই নৌপথে চলতি মাসে অন্তত ২৮টি জাহাজে হামলার ঘটনা নিশ্চিত করা হয়েছে। যুক্তরাষ্ট্র-ইসরাইলের সঙ্গে ইরানের যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত হামলার সংখ্যা ১১৩-তে দাঁড়িয়েছে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে ওয়াশিংটন ইনস্টিটিউট ফর নিয়ার ইস্ট পলিসির সংকলিত তথ্যের বরাত দিয়ে এ কথা জানানো হয়েছে।

তথ্য অনুযায়ী, গত ফেব্রুয়ারিতে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধ শুরুর পর থেকে হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনা বেড়েছে। অক্টোবরে হামলার সংখ্যা আগের যেকোনো মাসের তুলনায় বেশি হয়েছে।

আন্তর্জাতিক সমুদ্র সংস্থা (আইএমও)-এর তথ্যের সঙ্গেও এই হিসাবের মোটামুটি মিল রয়েছে। সংস্থাটির হিসাবে, যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত মোট ১২০টি ঘটনার তথ্য নথিভুক্ত হয়েছে।

তবে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছে, গত ১৬ অক্টোবর পর্যন্ত তারা মোট ১৩৫টি ঘটনার খবর পেয়েছে। সংস্থাটি সতর্ক করে বলেছে, সব হামলার তথ্য প্রতিবেদনে নাও আসতে পারে।

বিভিন্ন সংস্থার হিসাবে এই পার্থক্যের কারণ হতে পারে ঘটনার তথ্য সংগ্রহ ও নথিভুক্ত করার পদ্ধতির ভিন্নতা।

রয়টার্সের আইএমওর তথ্যভিত্তিক হিসাব অনুযায়ী, চলমান সংঘাতের মধ্যে বিশ্বের সুপারট্যাংকার বহরের প্রায় ৩ দশমিক ৫ শতাংশ হামলার শিকার হয়েছে।

বিশ্বে সুপারট্যাংকারের সংখ্যা ৯০০টিরও বেশি। বিপুল পরিমাণ অপরিশোধিত তেল পরিবহণে ব্যবহৃত এসব জাহাজের ওপর হামলা আন্তর্জাতিক জ্বালানি পরিবহন ও সামুদ্রিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়িয়েছে।

আর্কাইভ