প্রকাশিত: অক্টোবর ২২, ২০২৬, ১০:৩১ এএম
হরমুজ প্রণালিতে অবাধে জাহাজ চলাচল নিশ্চিত করা এবং গাজায় যুদ্ধবিরতি কার্যকরের আহ্বান জানিয়েছে কাতার ও ফ্রান্স। খবর আল-জাজিরার।
কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর মধ্যে দোহায় বৈঠকের পর বুধবার (২১ অক্টোবর) প্রকাশিত এক যৌথ বিবৃতিতে তারা এ আহ্বান জানান।
যৌথ বিবৃতিতে দুই নেতা বলেন, হরমুজ প্রণালিতে কোনো বাধা বা ফি ছাড়াই জাহাজ চলাচলের সুযোগ নিশ্চিত করতে হবে।
এছাড়া, যৌথ বিবৃতিতে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের ওপর ইরানের সামরিক হামলার নিন্দা জানান কাতার ও ফ্রান্সের নেতারা। তারা বলেন, এসব হামলা আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন।
এর আগে, মঙ্গলবার (২০ অক্টোবর) কাতারের মধ্যস্থতাকারী ইব্রাহিম বিন সুলতান আল-হাশমি জানান, আঞ্চলিক উত্তেজনা কমানো এবং হরমুজ প্রণালি খুলে দিতে কূটনৈতিক আলোচনা চলছে। বুধবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচিও বলেন, ইরান কূটনীতিকে আরেকটি সুযোগ দিতে প্রস্তুত।
অন্যদিকে, গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং সেখানে জরুরি মানবিক সহায়তা পৌঁছানোর আহ্বান জানিয়েছে কাতার ও ফ্রান্স। দুই দেশ জানায়, কোনো শর্ত বা বাধা ছাড়াই নিরাপদে মানবিক সহায়তা পৌঁছে দিতে হবে।
জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) জানিয়েছে, গাজার প্রায় ১৪ লাখ মানুষ খাদ্যসংকটে রয়েছে। এই সংখ্যা গাজার মোট জনসংখ্যার প্রায় দুই-তৃতীয়াংশ।
এ ছাড়া, পশ্চিম তীর দখল বা ইসরায়েলের সঙ্গে যুক্ত করার যেকোনো উদ্যোগের বিরোধিতা করেছে দেশ দুটি। একই সঙ্গে ইসরায়েলি বসতি স্থাপন এবং বসতি স্থাপনকারীদের সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছে তারা।