প্রকাশিত: মার্চ ৫, ২০২৬, ০৯:২৭ এএম
ইরান ও লেবাননে হামলা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তাদের যৌথ হামলায় ইরানে অন্তত ১ হাজার ৪৫ জন নিহত হয়েছেন। বুধবার (৪ মার্চ) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়েছে।
জবাবে মধ্যপ্রাচ্যে মার্কিন মিত্রদের ওপর হামলা অব্যাহত রেখেছে ইরান। অপারেশন `ফতেহ্ খাইবার`-এর পঞ্চম দিনে ১৭ দফায় ইসরায়েল ছাড়াও তুরস্ক, ইরাক, সিরিয়া ও সৌদি আরবে ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা চালিয়েছে ইরানের রেভ্যলুশনারি গার্ড (আইআরজিসি)।
অভিযানের ষষ্ঠ দিনে মধ্যরাতে ইসরায়েলে নতুন করে মিসাইল ছুড়েছে তেহরান। বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বিভাগ আইডিএফ।
এর আগে, যুক্তরাষ্ট্রের ন্যাটো মিত্র তুরস্কে ব্যালিস্টিক মিসাইল ছোড়ে ইরান। তবে তা সফলভাবে ভূপাতিত করে আঙ্কারা। এছাড়াও, সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় কামিশলিতে আঘাত হেনেছে একটি ইরানি ক্ষেপণাস্ত্র। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
এদিকে, ইরাকে কুর্দি বিচ্ছিন্নতাবাদী সংগঠনের হেডকোয়ার্টারে ড্রোন হামলা চালিয়েছে আইআরজিসি। দেশটির ইরবিল বিমানবন্দরের কাছেও আঘাত হানে তেহরানের একটি ড্রোন।
আল-খার্জ শহরে তেহরানের তিনটি ক্রুজ মিসাইল প্রতিহতের দাবি করেছে সৌদি আরব।