প্রকাশিত: মার্চ ৪, ২০২৬, ১০:১১ পিএম
যুক্তরাষ্ট্র-ইসরায়েল আর ইরানের যুদ্ধ এখন ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্যজুড়ে। যার প্রভাব পড়েছে পুরো বিশ্বের এভিয়েশন সেক্টরে। তারই পরিপ্রেক্ষিতে শঙ্কা জেগেছিল পাকিস্তান ক্রিকেট দলের বাংলাদেশ সফর নিয়ে। যুদ্ধের ডামাডোলে নির্ধারিত সূচি অনুযায়ী বাংলাদেশে আসবে তো পাকিস্তান?
তবে সেই শঙ্কা কেটে গেছে। বাংলাদেশ সফরের সূচি চূড়ান্ত করার পাশাপাশি দলও ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। শাহিন শাহ আফ্রিদির নেতৃত্বে ১৫ সদস্যের দলে ডাক পেয়েছে ৬ জন অনভিষিক্ত ক্রিকেটার।
পাকিস্তান দলের সদস্যরা হলেন— শাহিন শাহ আফ্রিদি, আব্দুল সামাদ, আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফয়সাল আকরাম, হারিস রউফ, হুসাইন তালাত, মাজ সাদাকাত, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, মুহাম্মদ গাজী গোরি, সাদ মাসুদ, সাহিবজাদা ফারহান, সালমান আলী আগা এবং শামিল হুসেইন।
এরমধ্যে এখনও ওয়ানডেতে অভিষেক হয়নি সাহিবজাদা ফারহান আব্দুল সামাদ, মাজ সাদাকাত, মুহাম্মদ গাজী গোরি, সাদ মাসুদ ও শামিল হুসেইনের।
তবে দল থেকে বাদ পড়েছে বড় বড় অনেক নাম। বাবর আজম, হারিস রউফ, ফখর জামান, নাসিম শাহ, সায়েম আইয়ুবের মতো ক্রিকেটাররা বাদ পড়েছে দল থেকে।
পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ৯ মার্চ সোমবার বাংলাদেশে আসার কথা ছিলো পাকিস্তানের। তবে নতুন সূচি অনুযায়ি একটদিন আগে ঢাকায় আসবে পাকিস্তান দল। রোবারের সেই শিডিউলে করাচি থেকে সরাসরি বাংলাদেশ বিমানের ফ্লাইট আসবে ঢাকাতে।
উল্লেখ্য, আগামী ১১, ১৩ ও ১৫ মার্চ মিরপুরের হোম অব ক্রিকেটে হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এই সিরিজ দিয়ে সাড়ে তিন মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে চলমান বিশ্বকাপ না খেলা বাংলাদেশ।