প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২৬, ০৩:৩৬ পিএম
প্রায় দুই বছর ধরে জাতীয় দলের বাইরে থাকা অলরাউন্ডার সাকিব আল হাসানের ফেরার সম্ভাবনা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। আইনি জটিলতা কাটলে আসন্ন পাকিস্তান সিরিজে তাকে দলে পাওয়ার আশা প্রকাশ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আসিফ আকবর।
ভারতের বিপক্ষে সিরিজের পর আর জাতীয় দলের জার্সিতে দেখা যায়নি সাকিবকে। বৈষম্যবিরোধী আন্দোলনের পর দায়ের হওয়া মামলাজনিত জটিলতার কারণে দেশের মাটিতেও ফেরা হয়নি তার। তবে বিষয়টি সমাধানে বিসিবির পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে।
আসিফ আকবর জানান, সাকিবের সংশ্লিষ্ট মামলার ফাইল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা ও সহ-সভাপতি ফারুক আহমেদ বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেছেন বলেও জানান তিনি।
তার ভাষ্য অনুযায়ী, ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে সাম্প্রতিক এক বৈঠকে বিভিন্ন ফেডারেশনের বিষয় নিয়ে আলোচনা হয়েছে, যেখানে সাকিবের ফাইলও উপস্থাপন করা হয়েছে। মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী সেটি সচিবের কাছে জমা দেওয়া হবে। তিনি বলেন, ফাইল জমা দেওয়ার মাধ্যমে বিসিবির প্রাথমিক দায়িত্ব শেষ হবে, পরবর্তী সিদ্ধান্ত সরকারের।
আসিফ আকবর আরও বলেন, ৫ আগস্টের পর দায়ের হওয়া মামলাগুলো পুনর্বিবেচনার বিষয়ে সরকারের ইতিবাচক অবস্থান রয়েছে, যা আশাব্যঞ্জক। এই প্রেক্ষাপটে সাকিবের বিষয়েও দ্রুত অগ্রগতি হতে পারে বলে আশা প্রকাশ করেন তিনি।
আইনি জটিলতা নিরসন হলে আবারও জাতীয় দলে ফিরতে পারেন সাকিব আল হাসান—এমন প্রত্যাশায় রয়েছেন ক্রিকেটভক্তরা।