• ঢাকা বুধবার
    ২২ জুলাই, ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩

জেন-জি আন্দোলনের মধ্যে ৫ দফা দাবি পেশ করলেন রাহুল গান্ধী

প্রকাশিত: জুলাই ২২, ২০২৬, ১১:১৭ এএম

জেন-জি আন্দোলনের মধ্যে ৫ দফা দাবি পেশ করলেন রাহুল গান্ধী

আন্তর্জাতিক ডেস্ক

জেন-জি বিক্ষোভে পুলিশের অভিযানের প্রতিবাদে মঙ্গলবার ভারতের রাজনৈতিক অঙ্গনে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। ধর্না, বিক্ষোভ ও বিরোধী নেতাদের আটকের মধ্য দিয়ে দিনটি শেষ হয়। পরে বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী কেন্দ্রীয় সরকারের কাছে পাঁচ দফা দাবি তুলে ধরেন। এর মধ্য দিয়ে বুধবারও সংসদে এ ইস্যুতে রাজনৈতিক সংঘাত অব্যাহত থাকার ইঙ্গিত পাওয়া গেছে।

মঙ্গলবার রাহুল গান্ধী অভিযোগ করেন, সরকার শিক্ষার্থীদের সঙ্গে অন্যায় আচরণ করছে। তিনি নিট (এনইইটি) প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পদত্যাগ দাবি করেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের সামনে লোক কল্যাণ মার্গে অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়ার সময় রাহুল গান্ধী, প্রিয়াংকা গান্ধী এবং কংগ্রেসের কয়েকজন নেতাকে দিল্লি পুলিশ আটক করে। পরে রাতের দিকে তাদের ছেড়ে দেওয়া হয়।

রাহুল গান্ধীকে ছত্রশাল স্টেডিয়ামে এবং প্রিয়াংকা গান্ধীকে মন্দির মার্গ থানায় নেওয়া হয়। কংগ্রেসের সাবেক সভাপতি সোনিয়া গান্ধী থানায় গিয়ে প্রিয়াঙ্কার সঙ্গে দেখা করেন। রাত প্রায় ৯টার দিকে দুই ভাইবোনকে মুক্তি দেওয়া হয়।

আটক অবস্থায় প্রকাশিত এক ভিডিও বার্তায় রাহুল গান্ধী সরকারের কাছে পাঁচটি দাবি তুলে ধরেন। সেগুলো হলো—

  • স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ।

  • সোমবার শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার।

  • শিক্ষার্থীদের ওপর অভিযানের জন্য প্রধানমন্ত্রীর প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা।

  • বিষয়টি নিয়ে সংসদে আলোচনা।

  • দ্রুত শিক্ষা ও পরীক্ষাব্যবস্থায় সংস্কার।

শিক্ষাব্যবস্থার বর্তমান অবস্থা নিয়ে প্রশ্ন তুলে রাহুল গান্ধী বলেন, ‘ভারতের শিক্ষাব্যবস্থা কেন ভেঙে পড়ছে? কেন বারবার প্রশ্নপত্র ফাঁস হচ্ছে? ভারতে শিক্ষা এত ব্যয়বহুল কেন? সন্তানদের পড়াতে গিয়ে কেন পরিবারগুলো আর্থিকভাবে ধ্বংস হয়ে যাচ্ছে? এগুলো ন্যায্য প্রশ্ন, আর এসব প্রশ্ন করায় কোনো ভুল নেই।’

তিনি আরও বলেন, বিরোধী দলের সবাই চান, বুধবার লোকসভা ও রাজ্যসভায় বিষয়টি নিয়ে পূর্ণাঙ্গ আলোচনা হোক।

শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন জানিয়ে রাহুল গান্ধী বলেন, ‘শিক্ষার্থীদের ন্যায্য দাবির পক্ষে যারা লড়াই করছেন, তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ।’

এদিকে, নিটসহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় সরকার ও বিরোধী দলের মধ্যে বিরোধ আরও তীব্র হয়েছে। এ সংকটে দেশের লাখো শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হয়েছে।

এর আগে ধর্নাস্থলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং রাহুল গান্ধীর সঙ্গে প্রায় আধা ঘণ্টা কথা বলেন এবং তার দাবিগুলো শোনেন।

পরে জিতেন্দ্র সিং অভিযোগ করেন, রাহুল গান্ধী সংসদে আলোচনার আগের অবস্থান থেকে সরে এসে এখন শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করছেন।

তিনি বলেন, ‘রাহুল গান্ধীর মতো জ্যেষ্ঠ নেতার এ ধরনের অবস্থান পরিবর্তন দুর্ভাগ্যজনক এবং গণতান্ত্রিক চর্চার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। সরকার নিট ও সংশ্লিষ্ট আন্দোলন নিয়ে সংসদে আলোচনা করতে প্রস্তুত। কিন্তু তার আচরণ গণতন্ত্রের নীতির সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।’

অন্যদিকে, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানও মঙ্গলবার রাতে রাহুল গান্ধী ও কংগ্রেসের সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, কংগ্রেস শিক্ষার্থীদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ধর্মেন্দ্র প্রধান বলেন, সরকার পূর্ণাঙ্গ আলোচনার প্রস্তুতির কথা জানানোর পরও কংগ্রেস গণতান্ত্রিক বিতর্কের পরিবর্তে রাজনৈতিক নাটক বেছে নিয়েছে। তাদের উদ্দেশ্য শিক্ষার্থীদের সমস্যার সমাধান নয়, বরং রাজনৈতিক শিরোনাম তৈরি করা।

তিনি আরও বলেন, ‘রাহুল গান্ধীর কাছে এটি শিক্ষার্থীদের বিষয় নয়, বরং আলোচনা ও সমাধানের সুযোগ তৈরি হওয়ার পরও নতুন করে সংঘাত সৃষ্টি করার রাজনৈতিক প্রচেষ্টা।’

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ