প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০২৬, ০৭:৩৩ পিএম
চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের হোয়াইট হাউস সফর ঘিরে ব্যস্ত কর্মসূচি সাজিয়েছে যুক্তরাষ্ট্র। সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একাধিক বৈঠক করবেন শি। পাশাপাশি থাকবে সামরিক প্রদর্শনী ও রাষ্ট্রীয় নৈশভোজ। খবর আলজাজিরা`র।
সূচি অনুযায়ী, স্থানীয় সময় সকাল ১০টায় হোয়াইট হাউসে শি জিনপিং ও চীনের ফার্স্ট লেডিকে স্বাগত জানাবেন ট্রাম্প ও মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। বাংলাদেশ সময় এটি রাত ৮টায় অনুষ্ঠিত হবার কথা।
এর এক ঘণ্টা পর সকাল ১১টায় হোয়াইট হাউসের রোজ গার্ডেনে ট্রাম্প ও শি জিনপিং অংশ নেবেন ‘মিলিটারি রিভিউ’তে। বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে এই আয়োজন।
স্থানীয় সময় সকাল সাড়ে ১১টায় দুই নেতা একান্তে দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন। বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায় শুরু হবে এই বৈঠক। এরপর দুপুর ১২টায় হবে বর্ধিত দ্বিপক্ষীয় বৈঠক। এতে দুই দেশের প্রতিনিধিরাও অংশ নেবেন।
দিনের শেষভাগে থাকছে রাষ্ট্রীয় নৈশভোজ। স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে ট্রাম্প ও মেলানিয়া ট্রাম্প শি জিনপিং ও চীনের ফার্স্ট লেডিকে নৈশভোজে স্বাগত জানাবেন।
নৈশভোজের আগে বক্তব্য দেবেন ট্রাম্প। পরে রাতে ট্রাম্প ও মেলানিয়া ট্রাম্প রাষ্ট্রীয় নৈশভোজের আনুষ্ঠানিক পর্বে অংশ নেবেন।