• ঢাকা রবিবার
    ১১ অক্টোবর, ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

ইউক্রেনের জাপোরিঝিয়ায় রাশিয়ার গ্লাইড বোমা হামলা, শিশুসহ নিহত অন্তত ২০

প্রকাশিত: অক্টোবর ১১, ২০২৬, ১০:০৩ এএম

ইউক্রেনের জাপোরিঝিয়ায় রাশিয়ার গ্লাইড বোমা হামলা, শিশুসহ নিহত অন্তত ২০

আন্তর্জাতিক ডেস্ক

ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর জাপোরিঝিয়ায় পাঁচটি গ্লাইড বোমা দিয়ে হামলা চালিয়েছে রাশিয়া। এতে চার শিশুসহ নিহত হয়েছেন অন্তত ২০ জন। এতে আহত হয়েছেন আরও ৩২ জন। এ ছাড়া ধ্বংসস্তূপের নিচে আরও কয়েকজন নিখোঁজ রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। খবর বিবিসির।

শনিবার (১০ অক্টোবর) স্থানীয় সময় সকালে শহরটির আবাসিক ভবনগুলোতে গ্লাইড বোমা আঘাত হানার কথা জানায় স্থানীয় কর্মকর্তারা।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি হতাশা প্রকাশ করে বলেছেন, জাপোরিঝিয়ায় রাশিয়ার এই হামলা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গত রাতে ঘোষিত একটি চুক্তির প্রতি মস্কোর ‘কৃতজ্ঞতা’ প্রকাশেরই বহিঃপ্রকাশ। ওই চুক্তির মাধ্যমে রাশিয়া থেকে ডিজেল আমদানির ক্ষেত্রে মস্কোর ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিল করা হয়েছে।

জেলেনস্কি আরও বলেন, রাতভর ইউক্রেনের আরও ১৩টি অঞ্চলে হামলা চালানো হয়েছে। তার মতে, এতে প্রমাণিত হয় যে চাপ শিথিল করার যেকোনো পদক্ষেপকে রাশিয়া যুদ্ধ চালিয়ে যাওয়ার সুযোগ হিসেবে দেখছে।

জাপোরিঝিয়ায় হামলার একটি স্থানের ছবি ও ভিডিওতে দেখা গেছে, একটি আবাসিক অ্যাপার্টমেন্ট ভবন প্রায় পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।

ঘটনাস্থল থেকে ইউক্রেনের টেলিভিশনকে ভারপ্রাপ্ত মেয়র রেজিনা হারচেঙ্কো বলেন, ‘ভবনটির নিচতলায় আঘাত হানা হয়েছিল, আর ওপরের তলাগুলো ধসে পড়ে।’

তিনি জানান, সেখানে উদ্ধার অভিযান চলছে। এতে ৮০ জনেরও বেশি কর্মী নিয়োজিত রয়েছেন । উদ্ধারকাজ সারা দিন ধরে চলবে বলে আশা করা হচ্ছে।

উদ্ধারকর্মীরা নিয়মিত বিরতিতে কাজ থামিয়ে ধ্বংসস্তূপের নিচে বেঁচে থাকা কেউ কোনো শব্দ করছেন কি না, তা শোনার চেষ্টা করছেন। তাদের লক্ষ্য, ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা জীবিত ব্যক্তিদের শনাক্ত করে উদ্ধার করা।

আর্কাইভ