প্রকাশিত: জুলাই ২২, ২০২৬, ১২:৪৯ পিএম
বস্ত্রখাতের সমস্যা সমাধানে অর্থ উপদেষ্টা ও বাণিজ্যমন্ত্রীর সমন্বয়ে কমিটি গঠন করে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ খাতের দীর্ঘ দিনের সমস্যা সমাধানে সময় প্রয়োজন।
বুধবার (২২ জুলাই) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে এ কথা জানিয়েছেন বাংলাদেশ টেক্সটাইল মিলস এসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ রাসেল।
তিনি অভিযোগ করেন, বস্ত্রখাতের সমস্যাগুলো অনেক পুরোনো, যা আগের কোনো সরকারই সমাধান করেনি। সরকার যুক্তিতর্ক পদক্ষেপ নেয়ার পরেও আনুমানিক দেড় বছর সময় লাগতে পারে সমস্যাগুলো সমাধানে। উদ্যোক্তারা সরকারকে এই সময় দেবে বলে আশা ব্যক্ত করেন তিনি।
সরকার আন্তরিক হলে বস্ত্রখাত ঘুরে দাঁড়াবে মন্তব্য করে বিটিএমএ সভাপতি বলেন, গ্যাস-বিদ্যুতের পাশাপাশি এ খাতের আর্থিক সমস্যা নিয়ে আলোচনা হয়েছে প্রধানমন্ত্রীর সঙ্গে। ইতোমধ্যে ৫ শতাংশ প্রণোদনা দিচ্ছে সরকার।
তিনি জানান, সরকারের নেয়া বন্ধ কারখানা চালুর উদ্যোগ সফল হলে ১৫ লাখ মানুষের কর্মসংস্থান হবে খুব স্বাভাবিক এবং তড়িৎ গতিতেই। তবে এসব কারখানা চালু করতে হলে প্রতিযোগিতামূলক বাজারে যে ডাম্পিং হচ্ছে, সেদিকে মনোযোগী হতে হবে বলেও জানান বিটিএমএ সভাপতি।