প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০২৬, ১২:৫০ পিএম
জানুয়ারি মাসের ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা আগামী রোববার ২২শে ফেব্রুয়ারি পর্যন্ত বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
রোববার রাজস্ব ভবন থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। সেখানে সংশ্লিষ্ট করদাতাদের নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন দাখিলের আহ্বান জানানো হয়েছে।
আইন অনুযায়ী প্রতিমাসের ভ্যাটের তথ্য পরবর্তী মাসের ১৫ তারিখের মধ্যে অনলাইনে মাসিক রিটার্ন দাখিল করতে হয়।
তবে এবার ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সরকারি ছুটি থাকায় মূল্য সংযোজন কর বা ভ্যাটের বিবরণী জমার দেওয়ার সময় এক সপ্তাহ বাড়ানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, শবে বরাত ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে দীর্ঘ সময় সরকারি ছুটি থাকায় ও ১৫ই ফেব্রুয়ারি এ-চালান সিস্টেমে ওটিপি সার্ভার ডাউন থাকায় জনস্বার্থে ই-ভ্যাট সিস্টেমে জানুয়ারি মাসের অনলাইন রিটার্ন দাখিলের সময়সীমা ২২শে ফেব্রুয়ারি পর্যন্ত বাড়িয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড"।
মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ এর ধারা ৬৪ এর উপ-ধারা (১ক) এ প্রদত্ত ক্ষমতাবলে এই সময়সীমা বাড়ানোর কথা প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
সেইসাথে, এ সিদ্ধান্ত শুধু জানুয়ারি ২০২৬ কর মেয়াদের জন্য প্রযোজ্য হবে এবং সময়মতো রিটার্ন দাখিল না করলে মাসে পাঁচ হাজার টাকা জরিমানার বিধানের কথাও বলা হয়েছে।