প্রকাশিত: এপ্রিল ৬, ২০২৬, ১১:০৪ পিএম
পিরোজপুরের পাড়েরহাট মৎস্য বন্দর থেকে একসপ্তাহ আগে ছেড়ে যাওয়া এক ট্রলারে এবার ধরা পড়ল অন্তত ২৮ লাখ টাকা মূল্যের ১৪৪টি লাক্ষা মাছ।
সোমবার (৬ মার্চ) সদর উপজেলার পাড়েরহাট মৎস্য অবতরণ কেন্দ্রে মাছগুলো এক পাইকারির কাছে বিক্রি করা হয়।
পাড়েরহাট মৎস্য বন্দরের আড়তদার গাজী সবুজ বলেন, মাছগুলো একজন পাইকার ক্রয় করেছেন, তিনি এগুলো পরে চট্টগ্রামে পাঠাবেন বলে তাকে জানিয়েছেন।
জানা গেছে, সপ্তাহখানেক আগে উপজেলার চরবলেশ্বর গ্রামের দুলাল ফকিরের একটি ইঞ্জিন ট্রলার মাছ ধরার জন্য বঙ্গোপসাগরে যায়। জেলেরা সাগরে গিয়ে জাল ফেললে তিন জেলের জালে বিশলাকৃতির এই ১৪৪টি লাক্ষা মাছ ধরা পড়ে। একেকটি লাক্ষা মাছ ১০ থেকে ২২ কেজি ওজনের। মূল্যবান লাক্ষা মাছ পাওয়ার পর জেলেরা সাগর থেকে পাড়েরহাট মৎস্য অবতরণ কেন্দ্রে বিক্রির উদ্দেশে নিয়ে আসেন। পরে খবর পেয়ে এক মাছ ব্যবসায়ী সোমবার ২৮ লাখ টাকায় মাছগুলো কিনে নেন, পরে সেগুলো চট্টগ্রামে পাঠানো হয়।
ট্রলারের মালিক মো. দুলাল মিয়া বলেন, পরপর কয়েকবার সাগরে ট্রলার পাঠিয়ে তার লোকসান হয়েছে। তবে এবার ভালো মাছ পাওয়ায় আগের ক্ষতি পুষিয়ে উঠতে পারবেন এবং এমন মাছ সাগরে সবসময় পাওয়া যায় না বলেও জানান তিনি।
আরেক মৎস্য আড়তদার গাজী ইকবাল বলেন, সাগরে গেলে এখন তেমন মাছ পাওয়া যায় না। তাই বেশিরভাগ সময় ট্রলার মালিকরা লোকসানে থাকেন। একদিকে অবরোধ, অন্যদিকে সুন্দরবনের ডাকাতের আতঙ্ক; সবমিলিয়ে বর্তমানে খুব খারাপ অবস্থা। অনেকদিন পর এবার কয়েকটি ট্রলারে লাক্ষা মাছ পাওয়ায় দারুণ খুশি তারা। আশা করা যায় এবার তারা কিছুটা লাভবান হবেন।