• ঢাকা বৃহস্পতিবার
    ২৯ অক্টোবর, ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩
মিরপুর টেস্ট

দ্বিতীয় দিনেও আলোকস্বল্পতা, আগেভাগেই খেলা শেষ

প্রকাশিত: অক্টোবর ২৯, ২০২৬, ০৬:৪৪ পিএম

দ্বিতীয় দিনেও আলোকস্বল্পতা, আগেভাগেই খেলা শেষ

ক্রীড়া ডেস্ক

স্পিনারদের সাথে মিরপুর টেস্টে ছড়ি ঘোরাচ্ছে আলোকস্বল্পতা। সাদমানের ইসলামের দারুণ সেঞ্চুরির পরও জোমেল ওয়ারিক্যানের ফাইফারে বাংলাদেশকে থামতে হয় ২৭২ রানে। সেখানে থেকে দারুণ শুরু করা ক্যারিবিয়ানরা ব্যাকফুটে যায় তাইজুল ইসলামের জোড়া আঘাতে। আলোকস্বল্পতায় দ্বিতীয় দিনের খেলা শেষ হওয়ার সময় উইন্ডিজের স্কোরবোর্ড ছিল ৪ উইকেটে ১৩৪ রান। এখনও ১৩৮ রানে পিছিয়ে সফরকারীরা।

৩ উইকেটে ২১৩ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। টেস্ট ক্যারিয়ারে তৃতীয় সেঞ্চুরি তুলে নিয়ে ১০৫ রানে ফেরেন সাদমান ইসলাম। ইনিংস লম্বা করতে ব্যর্থ হন তাওহীদ হৃদয়-মেহেদি হাসান মিরাজও। বাকিদের কেউ সঙ্গ দিতে পারেননি ইনজুরিতে পড়া লিটন দাশকে। ৩৪ অপরাজিত থাকেন তিনি। ৫ উইকেট পকেটে পোরেন ওয়ারিক্যান।

জবাবে ২৯ রানে উদ্বোধনী জুটি ভাঙে ক্যারিবিয়ানদের। ব্র্যান্ডন কিংকে ১৫ রানে ফেরান হাসান মাহমুদ। ৫৪ রান করা আরেক ওপেনার জন ক্যাম্পবেলকে ফেরান মিরাজ। আর তাইজুলের জোড়া শিকার হয়ে ফেরেন কাভেম হজ ও আমির জঙ্গু। কিন্তু আরও একবার আলোকস্বল্পতায় খেলা বন্ধ হলে শেষ হয় দ্বিতীয় দিনের খেলা। ৪৩ রানে অপরাজিত আছেন তেজনারায়ণ চন্দরপল এবং জাস্টিন গ্রিভস ১৫ রানে।
 

আর্কাইভ