প্রকাশিত: এপ্রিল ৬, ২০২৬, ১১:০২ পিএম
চট্টগ্রামে আরও চার শিশুর দেহে হাম শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে দুইজন নগরীর এবং দুইজন উপজেলার বাসিন্দা। এ নিয়ে হাম আক্রান্তের সংখ্যা ১৮ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে নগরীর ১০ জন এবং উপজেলার বাসিন্দা রয়েছে ৮ জন।
সোমবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এদিকে সোমবার সকাল পর্যন্ত এর আগের ২৪ ঘণ্টায় হামের উপসর্গ থাকা আরও ১৪ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা সবাই নগরীর বাসিন্দা। এদিন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে ২৯ জন শিশু।
সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, সোমবার একদিনে নতুন করে ৩০ জনের নমুনা সংগ্রহ করে ঢাকার ন্যাশনাল পোলিও অ্যান্ড মিজেলস ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। এ নিয়ে চট্টগ্রাম থেকে ২৫১ জনের নমুনা পাঠানো হলো। এর মধ্যে নগরীর ১৪৫ জন এবং উপজেলার ১০৬ জন রয়েছে। এর আগে রোববার একদিনে ২০ জনের নমুনা পাঠানো হয়েছিল। একইদিন হামের উপসর্গ থাকা ১৭ জন শিশুকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল।
চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম বলেন, চট্টগ্রামে এ পর্যন্ত ১৮ জন শিশুর দেহে হাম শনাক্ত হয়েছে। নগরীর পাশাপাশি এটি এখন উপজেলায়ও ছড়িয়ে পড়ছে। হাম প্রতিরোধে এবং সংক্রমণ নিয়ন্ত্রণে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। এ জন্য টিকার কোনো বিকল্প নেই।