প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২৬, ০৯:৩৬ এএম
রাতভর কালো মেঘে ঢেকে থাকার পর ভোর না হতেই ঝুম বৃষ্টিতে ভিজেছে রাজধানী।
হঠাৎ এমন মুষলধারে বৃষ্টিতে কিছুটা স্বস্তি মিললেও আজ বুধবার (২৯ এপ্রিল) সকালে ঘর থেকে বের হওয়া মানুষকে পড়তে হয়েছে চরম ভোগান্তিতে।
এই বৃষ্টিতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েন অফিসগামী, শিক্ষার্থী ও শ্রমজীবী মানুষ। অনেকেই ছাতা ছাড়া বের হয়ে ভিজে যান, বাধ্য হয়ে আশ্রয় নেন নিকটস্থ দোকান বা ভবনে। এমনকি যাদের কাছে ছাতা ছিল, তারাও পুরোপুরি রক্ষা পাননি, প্যান্ট ও জুতা ভিজে যাওয়ায় ভোগান্তি আরও বেড়ে যায়।
এদিকে, দেশের কয়েকটি অঞ্চলে দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। একইসঙ্গে বৃষ্টি বা বজ্রবৃষ্টিরও আশঙ্কা রয়েছে।