প্রকাশিত: জুন ২৬, ২০২৬, ০৭:৫৪ পিএম
কূটনীতি ও প্রতিরক্ষা বিষয়ক ‘২+২’ সংলাপ ব্যবস্থা চালুর বিষয়টি খতিয়ে দেখতে সম্মত হয়েছে বাংলাদেশ ও চীন। একই সঙ্গে, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ’-এর আওতায় উচ্চমানের সহযোগিতা এগিয়ে নিতে এবং আধুনিকীকরণের লক্ষ্য অর্জনে যৌথভাবে কাজ করতে সম্মত হয়েছে উভয় দেশ।
মোংলা বন্দর সুবিধা আধুনিকীকরণ ও সম্প্রসারণ প্রকল্প এবং চট্টগ্রামে চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চলের উন্নয়ন যৌথভাবে এগিয়ে নিতে সম্মত হয়েছে উভয়পক্ষ।
চীন ‘তিস্তা নদী সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প’-এর ক্ষেত্রে সক্ষমতা অনুযায়ী সহায়তা ও সহযোগিতা প্রদান করবে এবং প্রকল্পটির সম্ভাব্যতা যাচাই ও সংশ্লিষ্ট কাজের গতি ত্বরান্বিত করার লক্ষ্যে উভয় দেশের বিশেষজ্ঞদের সহায়তা করবে। একই সঙ্গে,
পারস্পরিক আদান-প্রদান, সফর ও প্রশিক্ষণসহ প্রতিরক্ষা ক্ষেত্রে সহযোগিতা জোরদারে সম্মত হয়েছে চীন।
ব্রিকসে বাংলাদেশের অংশগ্রহণ এবং সাংহাই সহযোগিতা সংস্থায় অংশীদার হওয়ার জন্য বাংলাদেশের আবেদনকেও সমর্থন জানিয়েছে চীন। এ ছাড়া, প্রেসিডেন্ট শি জিনপিং কর্তৃক উত্থাপিত বিভিন্ন ‘বৈশ্বিক উদ্যোগ’, তার প্রশংসা ও সমর্থন জানিয়েছে বাংলাদেশ।
প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের শেষ দিনে স্থানীয় সময় শুক্রবার (২৬ জুন) সকালে গ্রেট হলে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠক অনুষ্ঠিত হয়।