• ঢাকা শুক্রবার
    ০২ অক্টোবর, ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

নতুন আইন কর্মকর্তাদের সততার সঙ্গে কাজ করার আহ্বান অ্যাটর্নি জেনারেলের

প্রকাশিত: আগস্ট ২, ২০২৬, ১২:৩৩ পিএম

নতুন আইন কর্মকর্তাদের সততার সঙ্গে কাজ করার আহ্বান অ্যাটর্নি জেনারেলের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সদ্য নিয়োগপ্রাপ্ত ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) ও সহকারী অ্যাটর্নি জেনারেলদের (এএজি) পূর্ণ সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল।

তিনি বলেন, সরকার যে উদ্দেশ্যে রাষ্ট্রের আইন কর্মকর্তা হিসেবে নিয়োগ দিয়েছে, সেই দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।

রবিবার সকালে সুপ্রিম কোর্টে নতুন নিয়োগপ্রাপ্ত আইন কর্মকর্তাদের যোগদানের পর তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ আহ্বান জানান।

অ্যাটর্নি জেনারেল তাদের রাষ্ট্রের পক্ষে আদালতে মামলা পরিচালনার ক্ষেত্রে আইন ও সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল থেকে নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

পরে নবনিয়োগপ্রাপ্ত ডিএজি ও এএজিদের নিয়ে আপিল বিভাগে যান অ্যাটর্নি জেনারেল। সেখানে তাদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেয়া হয়।

এর আগে গত বৃহস্পতিবার আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সলিসিটর উইং এক প্রজ্ঞাপনের মাধ্যমে আগের সব ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেলের নিয়োগ বাতিল করে নতুন করে ৮৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১৮০ জন সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেয়।

আর্কাইভ