প্রকাশিত: আগস্ট ২২, ২০২৬, ০৬:৪৭ পিএম
বাংলাদেশের জাতীয় স্বার্থের সঙ্গে আপস করে কোনো দেশের সঙ্গে সিদ্ধান্ত নেওয়া হবে না বলে জানিয়েছেন নবনিযুক্ত পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, ভারত বাংলাদেশের গুরুত্বপূর্ণ প্রতিবেশী হলেও দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার পাবে বাংলাদেশের জাতীয় স্বার্থ।
শনিবার (২২ আগস্ট) দুপুরে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
হুমায়ুন কবির বলেন, বাংলাদেশ ভারতের সঙ্গে ইতিবাচক সম্পর্ক চায়। তবে শুধু ভারত নয়, কোনো দেশের সঙ্গেই জাতীয় স্বার্থের সঙ্গে আপস করে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না।
ভারত সফর প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে সরকারের কোনো তাড়াহুড়া নেই। প্রয়োজনীয় প্রস্তুতি, আলোচনা এবং পারস্পরিক সমঝোতার ভিত্তিতেই সফরের সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি বলেন, জাতীয় স্বার্থের ভিত্তিতে ঐকমত্য তৈরি হলে প্রধানমন্ত্রী পর্যায়ের সফরও হতে পারে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, গত কয়েক মাসে প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে একটি নতুন কৌশলগত কাঠামো গড়ে তোলা হয়েছে। ওয়াশিংটন, বেইজিং ও মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার পাশাপাশি সব ক্ষেত্রেই বাংলাদেশের স্বার্থকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
শেখ হাসিনার প্রসঙ্গে তিনি বলেন, তাঁর বিরুদ্ধে বাংলাদেশের বিচারিক প্রক্রিয়ায় সিদ্ধান্ত রয়েছে। শেখ হাসিনাসহ ভারতে আশ্রয় নেওয়া অপরাধের অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের দেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকার ভারতের সঙ্গে আলোচনার মাধ্যমে এগোতে চায়।
এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী এবং ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন উপস্থিত ছিলেন।