• ঢাকা মঙ্গলবার
    ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

বিরোধীদলসহ সব পক্ষের সাথে আলোচনা করেই সংবিধান সংশোধন: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০২৬, ০৬:৩৫ পিএম

বিরোধীদলসহ সব পক্ষের সাথে আলোচনা করেই সংবিধান সংশোধন: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিরোধীদলসহ সব পক্ষের সাথে আলোচনা করেই সংবিধান সংশোধন করা হবে। জুলাই সনদে দেওয়া নোট অব ডিসেন্টের বিষয়ে যদি বিরোধীদল পরিবর্তন আনতে চায়, সেটাও আলোচনা হতে পারে বলে জানিয়েছেন সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে সংসদের কেবিনেট কক্ষে সংবিধান সংশোধন কমিটির ৪র্থ বৈঠকে আমন্ত্রণ জানানো হয় বিভিন্ন ইলেকট্রনিক ও অনলাইন সংবাদমাধ্যমের জেষ্ঠ্য সাংবাদিক ও গণমাধ্যম ব্যক্তিত্বদের। তারা উপস্থিত হয়ে নিজেদের অভিমত তুলে ধরেন।

বৈঠক শেষে সালাহউদ্দিন আহমন জানান, প্রধানমন্ত্রী পদে কেউ ১০ বছরের বেশি থাকতে পারবে না, তা থেকে বিএনপি সরে আসেনি। জনগণের চাহিদা মোতাবেক দীর্ঘ মেয়াদে প্রধানমন্ত্রী রাখার যে প্রস্তাব এসেছে, তা বিএনপির ৩১ দফা বিরোধী। এছাড়া, দ্বি-কক্ষবিশিষ্ট সংসদীয় পদ্ধতির বিষয়ে সিদ্ধান্ত হবে সংসদে।

সংবিধান সংশোধনী সংসদে পাশ হলে রাষ্ট্রপতি স্বাক্ষরের আগে গণভোট আয়োজন করার কথাও জানানো হয়।

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতামত নেওয়া হয়েছে। জুলাইয়ে আহত-নিহতদের পরিবারসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে আরও আলোচনা করা হবে। পাশাপাশি জুলাই জাতীয় সনদ প্রণয়ন ও ঐকমত্য কমিশনের সঙ্গে সংশ্লিষ্টদের বৈঠক হবে।

বিচার বিভাগের স্বাধীনতা ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে আলোচনা হয়েছে বলেও জানান তিনি। তবে তত্ত্বাবধায়ক সরকার কী প্রক্রিয়ায় গঠিত হবে, সে বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলে উল্লেখ করেন।

জুলাই জাতীয় সনদ যেভাবে প্রণীত হয়েছে, তা বাস্তবায়নে সরকার অঙ্গীকারবদ্ধ বলে আবারও জানান সালাহউদ্দিন আহমদ।

অপরদিকে, সংবাদমাধ্যমের প্রতিনিধিরা জানান, জাতীয় ঐক্যমতের ভিত্তিতে সংবিধান সংশোধন হোক এই অভিমত দেয়া হয়েছে তাদের তরফ থেকে।

বৈঠকে বিজেসির চেয়ারম্যান ও যমুনা টেলিভিশনের সিইও ফাহিম আহমেদ বলেন, স্বাধীনতার পর থেকে বহুবার সংবিধান কাটাছেঁড়া হয়েছে। এবার জুলাইয়ের চেতনা ধারণ করে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অনুরোধ করেন তিনি।

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ