প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২৬, ০৮:২৯ পিএম
সাত জেলায় নতুন পুলিশ সুপারসহ (এসপি) ১৪ পুলিশ কর্মকর্তার বদলি-পদায়ন করেছেন সরকার। এর মধ্যে নড়াইল, খুলনা, সুনামগঞ্জ, লালমনিরহাট, ফেনী, গাইবান্ধা ও নওগাঁ জেলায় নতুন করে এসপি নিয়োগ দেয়ার হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপন বলা হয়, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপ-পুলিশ কমিশনার আমিরুল ইসলামকে সুনামগঞ্জের পুলিশ সুপার করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশিদকে লালমনিরহাট এবং একই ইউনিটের উপ-পুলিশ কমিশনার মো. তৌহিদুল আরিফকে নড়াইলের পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।
এছাড়া আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসেরকে খুলনা, গাইবান্ধার পুলিশ সুপার মো. জসিম উদ্দীনকে ফেনী, এসআরইউ ঢাকার পুলিশ সুপার মোহাম্মদ কামরুল ইসলামকে গাইবান্ধা এবং পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বিশেষ পুলিশ সুপার মো. ছুফি উল্লাহকে নওগাঁর পুলিশ সুপার করা হয়েছে।
এছাড়াও সুনামগঞ্জের পুলিশ সুপার আবু বসার মোহাম্মদ জাকির হোসেনকে ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার, লালমনিরহাটের পুলিশ সুপার মো. আসাদুজ্জামানকে একই ইউনিটে এবং খুলনার পুলিশ সুপার সরকার ওমর ফারুককে ঢাকা পুলিশ স্টাফ কলেজের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।
ফেনীর পুলিশ সুপার মো. হাবীবুল্লাহকে খাগড়াছড়ির মহালছড়িতে ৬ এপিবিএনের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের পুলিশ সুপার হিসেবে সংযুক্ত করা হয়েছে।
এদিকে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) উপ-পুলিশ কমিশনার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) মুহাম্মদ শাহনেওয়াজ খালেদকে রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।
এপিবিএনের পুলিশ সুপার মো. আরেফিন জুয়েলকে সিএমপির উপ-পুলিশ কমিশনার এবং নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।